অ্যাডোবি আনুষ্ঠানিকভাবে আইফোন ব্যবহারকারীদের জন্য ফটোশপ অ্যাপ উন্মুক্ত করেছে। এতদিন ফটোশপ শুধু ডেস্কটপ ও আইপ্যাডে ব্যবহারের সুযোগ থাকলেও এবার আইফোন ব্যবহারকারীরাও অ্যাডোবির উন্নত সম্পাদনা টুলের সুবিধা উপভোগ করতে পারবেন। ফোর্বস থেকে জানা যায়, নতুন এই অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বেশ কিছু অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে, যা মোবাইল থেকে ছবি সম্পাদনাকে আরও সহজ করবে।
ফটোশপের আইওএস সংস্করণে অ্যাডোবির ফায়ারফ্লাই এআই প্রযুক্তির ‘জেনারেটিভ ফিল’ ও ‘জেনারেটিভ এক্সপ্যান্ড’ সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবির নির্দিষ্ট অংশ পরিবর্তন, নতুন উপাদান যোগ এবং ছবির সীমানা সম্প্রসারিত করতে পারবেন। এআই-চালিত এই সুবিধাগুলো আগে শুধু ডেস্কটপ সংস্করণে পাওয়া যেত। এছাড়া নতুন অ্যাপে লেয়ার, মাস্কিংসহ উন্নত সম্পাদনা টুল সংযুক্ত করা হয়েছে, যা ফোনেই ডেস্কটপের মতো অভিজ্ঞতা দেবে। তবে কিছু বিশেষ ফিচার ব্যবহার করতে হলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।
নতুন অ্যাপটি বিনামূল্যে ৫ গিগাবাইট ক্লাউড স্টোরেজ সুবিধা দেবে, যেখানে ব্যবহারকারীরা তাঁদের সম্পাদিত ছবি সংরক্ষণ করতে পারবেন। ‘স্পট হিলিং ব্রাশ’ টুলের মাধ্যমে ছবির অবাঞ্ছিত অংশ মুছে ফেলা যাবে, আর ‘ট্যাপ সিলেক্ট’ টুল ব্যবহার করে নির্দিষ্ট অংশ পরিবর্তন বা রং সংশোধন করা সম্ভব হবে। অ্যাডোবির বিনামূল্যের স্টক লাইব্রেরি থেকেও বিভিন্ন উপাদান যোগ করা যাবে, যা ছবি আরও আকর্ষণীয় করে তুলবে।
অ্যাডোবির অন্যান্য সফটওয়্যার, যেমন অ্যাডোবি এক্সপ্রেস, অ্যাডোবি ফ্রেসকো ও অ্যাডোবি লাইটরুমের সঙ্গে নতুন ফটোশপ অ্যাপটি সরাসরি সংযুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই একটি সফটওয়্যার থেকে আরেকটিতে ছবি স্থানান্তর করতে পারবেন।
অ্যাডোবি জানিয়েছে, খুব শিগগিরই ফটোশপ অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণও উন্মুক্ত করা হবে। তবে আইফোন ব্যবহারকারীরা এখনই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। যদিও উন্নত ফিচার ব্যবহার করতে হলে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন নিতে হবে।
Leave a Reply