শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান ও শাকসুর সাবেক জিএস শাব্বির এ চৌধুরীকে (যৌথভাবে) কো-কনভেনর করে সাস্ট কেন্দ্রীয় অ্যালামনাইয়ের প্রথম কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিনি অডিটোরিয়ামে সাস্ট কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের উদ্দেশ্যে প্রথম সাধারণ সভায় এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে চার সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
কমিটিতে সদস্য সচিব হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটি সিলেট-এর উপাচার্য অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন এবং কোষাধ্যক্ষ হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন। এছাড়া সভায় ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, সাস্ট আমাদের গর্বের জায়গা। দেশ-বিদেশে সাস্টিয়ানরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রেখে চলছেন। অ্যালামনাইয়ের কার্যক্রম ও পরিধি বাড়াতে পুরোধমে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সবার প্রতি শুভকামনা জানান এবং সুন্দরভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা করেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল আলম, মো. আব্দুস সালাম, সেলিম মো. আলী আজগর, মুস্তাফিজুর রহমান এবং নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাকসুর সাবেক ভিপি দেলোয়ার ইসমাইল টিটু এবং সঞ্চালনা করেন খুরশিদ আলম হিটু। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন যৌথভাবে ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ এবং এডভোকেট দেলোয়ার হোসেন শামীম।
Leave a Reply