সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :

সালতামামি ২০২৪ : নবীন থেকে প্রবীণ তারকাদের হারানোর বছর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার

ঢাকাই শোবিজ ইন্ডাস্ট্রির জন্য নানা কারণেই ঘটনাবহুল ছিল ২০২৪ সাল। এরমধ্যে অন্যতম হচ্ছে জীবনধ্যায়ের সমাপ্তি ঘটেছে অনেক গুণীজনসহ তারকাদের। এদের মধ্যে কেউ অসুস্থ হয়ে, কেউ স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন, আবার কেউ হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। নতুন বছরে পদার্পণের আগে ২০২৪ সালে হারানো গুণীজন সম্পর্কে জেনে নেয়া যাক। লিখেছেন শাহজাদা সেলিম রেজা―
গীতিকার-সাংবাদিক জাহিদুল হক: চলতি বছরের ১৫ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ষাটের দশকের কবি, গীতিকার ও সাংবাদিক জাহিদুল হকের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সংগীতশিল্পী সুবীর নন্দীর কণ্ঠে, শেখ সাদী খানের সুরে তার লেখা ‘আমার এ দুটি চোখ’ গানটি ব্যাপক জনপ্রিয় শ্রোতামহলে।
অভিনেতা আহমেদ রুবেল: গত ৭ ফেব্রুয়ারি মারা যান অভিনেতা আহমেদ রুবেল। সেদিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির বেজমেন্টে গাড়ি রেখে তার অভিনীত ‘পেয়ারাস সুবাস’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। কিন্তু গাড়ি থেকে নামার পর হঠাৎই ফ্লোরে পড়ে যান। পরে স্কয়ার হাসপাতালে নেয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অভিনেতাকে।
পরিচালক শিল্পী চক্রবর্তী: গত ৭ মার্চ রাত ৭টা ৫০ মিনিটের দিকে পুরান ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ চলচ্চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তী। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। এর আগে ২০২২ সালে স্ট্রোক হয়েছিল একবার। তারপর থেকে শারীরিকভাবে দুর্বল ছিলেন। ‘বিনি সুতার মালা’, ‘উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’ ও ‘মীমাংসা’ সিনেমার নির্মাতা ছিলেন শিল্পী চক্রবর্তী।
গীতিকার-অভিনেতা আব্দুল ওয়াদুদ রঙ্গিলা: গত ১২ মার্চ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল ওয়াদুদ রঙ্গিলা। তার বয়স ৫৩ হয়েছিল। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি। এ অবস্থায় ব্রেন স্ট্রোক করায় আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাকে।
প্রসঙ্গত, লোককাহিনিভিত্তিক কালজয়ী সিনেমা ‘খাইরুন সুন্দরী’ সিনেমায় খাইরুন সুন্দরীর ছোটভাই রফিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। পরে ‘চিনিবিবি’, ‘মালেকা সুন্দরী’ ও ‘অগ্নিসাক্ষী’সহ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় পার্শ্বচরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া শ্রোতাপ্রিয় গান ‘খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ…’-এর গীতিকার ছিলেন রঙ্গিলা।
সংগীতশিল্পী সাদি মহম্মদ: গত ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গান করার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদের। তখন জানা যায়, অজানা অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। এ ব্যাপারে তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ তখন বলেন, ঘরের দরজা বন্ধ পাওয়ায় আমরা দরজা ভাঙি। পরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।
সংগীতশিল্পী খালিদ: গত ১৮ মার্চ রাজধানী ঢাকার গ্রিনরোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’–এর মতো অসংখ্য গানের জন্য শ্রোতামহলে জনপ্রিয় তিনি।
নির্মাতা জিএম ফুরখ: গত ১৮ মার্চ খবর আসে, ইংল্যান্ডের লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রবাসী বাংলাদেশি নাট্য নির্মাতা জিএম ফুরুখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ‘স্বপ্নের বিলাত’, ‘রেড পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদার্স হাউস’, ‘হরেক রকম ভালোবাসা’সহ কয়েকটি নাটক নির্মাণ করেছেন।
নির্মাতা আবু তাওহীদ হিরণ: চলতি বছরের ১৫ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান ‘আদম’ সিনেমার মাধ্যমে খ্যাতি লাভ করা তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণ। রাজধানী ঢাকার নিউ ইস্কাটনের বাসায় মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। তিনি ‘আদম’ ছাড়া ‘রং রোড-অধ্যায় আদুরী’ নামের একটি সিনেমাও নির্মাণ করেছিলেন।
অভিনেতা অলিউল হক রুমি: গত ২২ এপ্রিল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। ক্যানসার আক্রান্ত ছিলেন। তবে এই রোগকে জয় করে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ক্যারিয়ারে ‘সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘মেকাপ ম্যান’, ‘ঢাকা টু বরিশাল’, ‘ঢাকা মেট্রো লাভ’, ‘জার্নি বাই বাস’, ‘জমজ-৫’, ‘জমজ-৬’, ‘জমজ-১০’, ‘রতনে রতন চিনে’, ‘২০০ কদবেলী’সহ অসংখ্য নাটকে দেখা গেছে তাকে।গবাজার দিলু রোডের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। তখন জানা যায়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ঘুমের মধ্যেই অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ সিনেমা পরিচালনা করেছেন তিনি।
প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান: গত ৮ মে রাত ১টার দিকে হাজারীবাগ থানা পুলিশ পূর্ব রায়েরবাজার হাই স্কুল সংলগ্ন একটি বাড়ির ষষ্ঠ তলার মেস থেকে তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহানের মরাদেহ উদ্ধার করে পুলিশ। বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার বয়স হয়েছিল ২৭ বছর। তখন জানা যায়, হয়তো আত্মহত্যা করেছেন তিনি। ‘রেডরাম’ ওয়েব ফিল্ম প্রযোজনা করেছেন। এছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজের নির্বাহী প্রযোজক ছিলেন রুহান।
মো. শাহাদাৎ হোসেন বাদশা: চলতি বছরের ১৫ জুন দুপুরে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশার। তিনি ঢালিউড ইন্ডাস্ট্রির আলোচিত খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ভাই।
সংগীতশিল্পী শাফিন আহমেদ: গত ২৫ জুলাই সকাল ৬টা ৫০ মিনিটে আমেরিকার ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে মারা যান ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ। তখন তার ভাই হামিন আহমেদ বলেন, ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শো’টা ক্যানসেল করেন তিনি। সেদিনই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে আর ফেরানো যায়নি এই গায়ককে
নির্মাতা-সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল: গত ৩০ জুলাই সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীতশিল্পী ও নির্মাতা আবিদুর রেজা জুয়েল। দীর্ঘ ১৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। এ অবস্থায় মৃত্যু হয় তার। জুয়েলের অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘আমার আছে অন্ধকার’, ‘একটা মানুষ’, ‘দেখা হবে না’, ‘বেশি কিছু নয়’, ‘বেদনা শুধুই বেদনা’, ‘ফিরতি পথে’, ‘দরজা খোলা বাড়ি’, ‘এমন কেন হলো’। সবশেষ ২০১৭ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সুরে জুয়েলের একক গান ‘খুব সকালে’ মুক্তি পায়।
কণ্ঠসৈনিক ওস্তাদ মিহির লালা সাহা: স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক, শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ মিহির লালা সাহা গত ১৭ আগস্ট সকাল ৮টায় চট্টগ্রামের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৮৪ বছর বয়স হয়েছিল তার। নজরুল সংগীতশিল্পী জয়ন্তী লালার স্বামী তিনি।
অভিনেতা আলাউদ্দিন লাল: ছোটপর্দার পরিচিত মুখ বর্ষীয়ান অভিনেতা আলাউদ্দিন লাল গত ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা যান। শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। এ অবস্থায় হঠাৎ পরিস্থিতি খারাপ হওয়ায় হাসপাতালে নেয়া হয়। পরে সেখানেই মৃত্যু হয়। ২০০৮ সাল থেকে টেলিভিশন নাটকে অভিষেক হয় আলাউদ্দিন লালের। দীর্ঘদিনের ক্যারিয়ারে এ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা।
সংগীতশিল্পী সুজেয় শ্যাম: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম গত ১৭ অক্টোবর দিবাগত রাতে মারা যান। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৮ বছর বয়স হয়েছিল তার। সংগীতে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক এবং এর আগে ২০১৫ সালে শিল্পকলা পদকে ভূষিত করা হয় সুজেয় শ্যামকে।
সংগীতশিল্পী মনি কিশোর: রাজধানীর রামপুরার একটি বাসা থেকে গত ১৯ অক্টোবর রাতে ৯০ দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রাথমিকভাবে পুলিশ জানায়, ৪-৫দিন আগে মৃত্যু হয়েছে তার। ‘কী ছিলে আমার বলো না তুমি’, ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে’, ‘মুখে বলো ভালোবাসি’, ও ‘আমি ঘরের খোঁজে’সহ অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন মনি কিশোর।
অভিনেতা মাসুদ আলী খান: চলতি বছরের ৩১ অক্টোবর বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর কলাবাগানের নিজ বাসায় মারা যান বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৯৫ বছর। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কয়েকবার হাসপাতালেও নেয়া হয়েছিল। চিকিৎসা চলছিল। এ অবস্থায় মৃত্যু হয়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’ ও কূল নাই কিনার নাই’।
অভিনেত্রী আফরোজা হোসেন: গত ১০ নভেম্বর দুরারোগ্য ব্যাধি ক্যানসারে মৃত্যু হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেনের। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। ২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে তার। যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। কিছুটা সুস্থও হয়েছিলেন। এ অবস্থায় মৃত্যু হলো তার।
গীতিকার-সুরকার আবু জাফর: ‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’-সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকার ও সুরকার আবু জাফর গত ৫ ডিসেম্বর রাত সাড়ে তিনটার দিকে মারা যান। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সংগীতের বাইরে চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। গানের বাইরে বইও লিখেছেন আবু জাফর।
রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার: গত ১২ ডিসেম্বর সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। মৃত্যুকালে ৭২ বছর বয়স হয়েছিল তার। কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। ২০২১ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি। আধুনিক গানেও সাফল্য পেয়েছেন। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে তাকে।
গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু: গত ২০ ডিসেম্বর রাত ৯টার দিকে একটি ক্লিনিকে রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলুর মৃত্যু হয়। কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।র্থহীনের ‘অদ্ভুত সেই ছেলে’, ‘সূর্য’, ‘রাতের ট্রেন’, ‘গুটি ফ্রম হেল’, ‘নির্বোধ’সহ বেশকিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।
নির্মাতা সি বি জামান: হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। পরে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। এ অবস্থায় গত ২০ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘উজান ভাটি’ খ্যাত দেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সি বি জামান। দীর্ঘ ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’, ‘কুসুম কলি’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। যা প্রশংসিত। চলচ্চিত্র পরিচালনা ছাড়া অভিনয়ও করেছেন সি বি জামান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories