সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়।
নিহতরা সবাই সিলেটের বাসিন্দা। তাদের মধ্যে দুজনের পরিচয় আগে শনাক্ত হয়েছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ। অপর দুই নিহত হলেন আমিন মিয়া ও শাহ আলম। তাদের বাড়িও সিলেটে বলে জানা গেছে।
দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন নিহতরা। দেশে ফেরার জন্য জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। তবে বিমানবন্দরে পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
এ ঘটনায় নিহতদের নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
Leave a Reply