বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কলিং ভিসার নামে ফের শুরু মানুষের বেচাকেনা’ শূন্য অভিবাসন ব্যয়’ উদ্যোগ কতটা বাস্তবায়ন হবে? ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ‘ক্ষতিপূরণ’ দাবি নেপালের ঢাকায় উল্টোপথে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি, ট্রাফিক পুলিশের মামলা খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক জামিন পেলেন না নায়ক রিয়াজ, আবেদন ফেরত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার টঙ্গীতে বস্তি ধেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন মেসিকে কেন আর্জেন্টিনায় ফিরতে না বললেন রিকেলমে?

টঙ্গীতে বস্তি ধেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের নামে সাধারণ মানুষের বসতঘর উচ্ছেদ এবং পুনর্বাসনের ব্যবস্থা না করার প্রতিবাদে টঙ্গীর হাজী মাজার বস্তির বাসিন্দারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাজী মাজার ইউনিটের সর্বসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বস্তিবাসীরা হাজী মাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টঙ্গী বাজার ও স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের ওপর দিয়ে টঙ্গী বাজার অংশে গিয়ে অবস্থান নেয়।
সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে বস্তিবাসীরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

পুনর্বাসনের দাবি বস্তিবাসীর :
আন্দোলনকারীদের অভিযোগ, কয়েকজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামে পুরো বস্তির সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছে। এতে নারী, শিশু ও নিম্নআয়ের অনেক মানুষ বাসস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
পুনর্বাসনের ব্যবস্থা না করে এ ধরনের উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করে তারা। একই সঙ্গে প্রকৃত মাদক কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মো. জিয়া বলেন, কয়েকজন মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের পুনর্বাসন ছাড়া সাধারণ মানুষকে উচ্ছেদ করা অত্যন্ত অমানবিক।
তিনি বলেন, প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের যে কোনো ধরনের কার্যক্রমে সহযোগিতা করতে তারা প্রস্তুত। তবে উচ্ছেদ হওয়া নিরীহ পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
আন্দোলনকারীরা সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে নিরাপদ স্থানে বসবাসের সুযোগ করে দিতে হবে। একই সঙ্গে প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

আশ্বাসের পর মহাসড়ক ছাড়েন বিক্ষোভকারীরা :
পরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বস্তিবাসীরা মহাসড়ক থেকে সরে যান। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধন ও বিক্ষোভে আলকাস, রাজু, নজু, নজরুল, আসলাম, সালাম, মহলা বেগম, শিল্পী আক্তার, সিমা, আশরাফুল হক মদনসহ হাজী মাজার বস্তির বিভিন্ন শ্রেণী-পেশার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এদিকে জিএমপি টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয় এবং তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories