ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, দায়িত্ব অবহেলা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে ফরিদপুর, সিলেট, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও সিরাজগঞ্জে সাত নির্বাচনি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক ও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
ফরিদপুরে দুটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
ফরিদপুরে দুটি সংসদীয় আসনের দুটি কেন্দ্র থেকে দুজন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ভোটকেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।
এই দুই কর্মকর্তা হলেন ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আল আমিন ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর মাদরাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম। গত বুধবার এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের প্রত্যাহার করেন। পরে নতুন কর্মকর্তা নিয়োগ করেন।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটকেন্দ্রে আইনবহির্ভূতভাবে বহিরাগত অনুপ্রবেশের সুযোগ দেয়া দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তবে অনাকাঙ্খিত কোনও ঘটনা ঘটেনি।
লক্ষ্মীপুর: সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট আটক
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলডুগি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কেন্দ্র থেকে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও একজন পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমানি ও পোলিং এজেন্ট মো. ইকবাল হোসেন। এম এ ওসমানি দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মো. ইকবাল হোসেন গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়দের অভিযোগ, তারা কেন্দ্রের পাশের এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন। খবর পেয়ে জনতা তাদের ঘেরাও করলে পুলিশ গিয়ে তাদের আটক করে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যায়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট কেন্দ্রের পাশে একটি বাড়িতে গিয়েছিলেন। স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে রাখেন। পরে প্রশাসনের নির্দেশে তাদের চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
সিলেট: জামায়াত নেতার বাড়িতে দাওয়াত খেয়ে পোলিং অফিসার প্রত্যাহার
সিলেট-৪ আসনের জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং এজেন্ট আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আনোয়ার হোসেন পেশায় মাদরাসার শিক্ষক। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ভিত্রিখেল পূর্ব গ্রামে এক জামায়াত নেতার বাড়িতে দাওয়াত খেতে গিয়ে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর হাতে আটক হন। অভিযোগ ওঠে, তিনি সেখানে গোপন বৈঠক করছিলেন। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, কেন্দ্রের বাইরে দুই ঘণ্টা অবস্থানের সদুত্তর দিতে না পারায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
খাগড়াছড়ি: ধানের শীষের প্রার্থীর অভিযোগে কর্মকর্তা প্রত্যাহার
মাটিরাঙ্গা উপজেলার আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানকে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। খাগড়াছড়ির ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া তার বিরুদ্ধে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগ আনলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউএনও ঘটনাস্থলে গিয়ে তাকে প্রত্যাহার করে নেন। যদিও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দাবি, মাহমুদুল হাসান ভোরে নামাজ পড়তে গিয়েছিলেন।
সিরাজগঞ্জ: প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার ও চারজনকে জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার রাতে ওই কেন্দ্র এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা চার ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা ও তদারকিতে ব্যর্থতার দায়ে প্রিসাইডিং কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেয়া হয়।
Leave a Reply