শাহরুখ পুত্র আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ রণবীর কাপুরের ভেপিং (ই-সিগারেট ব্যবহার) দৃশ্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের কাছে রণবীর কাপুর, সিরিজের প্রযোজক এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে এবং তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, ২০১৯ সালে ভারতে ই-সিগারেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। তবে সিরিজে এই দৃশ্য কীভাবে সেন্সর ছাড়পত্র পেয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণত ধূমপান বা ভেপিং দেখানোর সময় সতর্কীকরণ বার্তা দেখানো বাধ্যতামূলক, কিন্তু এখানে তা অনুপস্থিত ছিল।
মানবাধিকার কমিশনের বক্তব্য, এ ধরনের দৃশ্য তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কেও অবহিত করেছে।
জুবিন গার্গের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ জানা গেল
সিরিজটিতে একাধিক বলিউড তারকা অতিথি চরিত্রে দেখা গিয়েছে। রণবীর কাপুর ছাড়াও রয়েছেন রণবীর সিং, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাও, ইমরান হাশমি ও আরশাদ ওয়ারসি। অভিযোগ রয়েছে, সিরিজে ভারতের মাদকবিরোধী সংস্থা এনসিবি-এর কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ওপরও পরোক্ষ মন্তব্য করা হয়েছে।
এদিকে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানিয়েছিলেন, তিনি ধূমপান ও মদ্যপান ত্যাগ করেছেন। তাই সিরিজে তার ভেপিং দৃশ্য দেখে ভক্তদের মধ্যে বিস্ময় ও হতাশা দেখা দিয়েছে।
Leave a Reply