যে সময়ে আমিরাতে বাংলাদেশিদের ভাবমূর্তি সংকটাপন্ন, তেমন সময়ে যেন এক অনন্য দৃষ্টান্ত দাঁড় করালেন বাংলাদেশি যুবক আজিজুদ্দীন তালুকদার আজিজ। তার বাবার নাম আইয়ুব আলী তালুকদার। ৩৬ বছর বয়সী এই যুবকের দেশের বাড়ী চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগর।
দুবাইয়ের নায়েফ গোল্ড সুক বাজারে কর্মরত আজিজ পেশাগত কাজের পাশাপাশি ভাড়ায় গাড়ি চালান বলে জানা যায়। বাংলাদেশি এই তরুণ গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় দুবাইর নায়েফ গোল্ড সুক হতে এক ব্রিটিশ দম্পতিকে কার লিফট দেন। তারা দুবাইর আল বাশরাস্থ আতানা হোটেলে যাওয়ার পথে বাশরায় ম্যাকডোনাল্ডস এ খাওয়া দাওয়া করেন। পরে রাত দেড়টায় তাদের হোটেলে পৌঁছে দেন। দম্পতিটিকে হোটেলে নামিয়ে দিয়ে আজিজ তার নায়েফের বাসায় ফিরে যান।
পরবর্তীতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার সময় নায়েফ পুলিশ স্টেশন থেকে তার কাছে ফোন আসে যে তার গাড়িতে সোমবার রাতে ওঠা বৃটিশ দম্পতি তাদের হ্যান্ডব্যাগ ফেলে এসেছেন। আজিজ পুলিশকে জানান যে, যাত্রীরা পিছনের সিটে বসেছিলেন এবং তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। পরে তিনি গাড়িতে ব্যাগ দেখে খবর পাবার ১০ মিনিটের মধ্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে নায়েফ পুলিশ স্টেশনে পৌঁছান এবং বৃটিশ দম্পতির উপস্থিতিতে ডিউটি অফিসার মোহামেদ ইয়াকুব গাড়ির পেছনে দরজা খুলে ব্যাগ উদ্ধার করে তার মালিককে ফিরিয়ে দেন। ব্যাগটিতে ছিল ব্রিটিশ দম্পতির পাসপোর্ট, ক্রেডিট কার্ড, একটি মোবাইল ফোনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র।
ব্যাগ ফেরত পাওয়ার পর ব্রিটিশ দম্পতি খুশিতে কৃতজ্ঞতা স্বরূপ নগদ অর্থ দিতে চাইলে আজিজ তা গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি কেবল দায়িত্ববোধ থেকেই কাজটি করেছেন বলে জানান।
ব্যক্তিগত সততা ও নৈতিকতার স্বীকৃতিস্বরূপ দুবাই পুলিশ আজিজকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করেছে। প্রবাসের মাটিতে এমন সততার দৃষ্টান্ত স্থাপন করে ফটিকছড়ির এই যুবক শুধু নিজের নয়, দেশেরও ভাবমূর্তি বাড়িয়েছে বলে মন্তব্য প্রবাসীদের।
Leave a Reply