রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

নতুন রূপে ফিরছে ষাটের দশকের সাড়াজাগানো সিরিজ ‘দ্য প্রিজনার’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫ বার

ষাটের দশকের সাড়াজাগানো ব্রিটিশ টিভি সিরিজ ‘দ্য প্রিজনার’ এবার আধুনিক রূপে ফিরছে পর্দায়। জনপ্রিয় এই সিরিজের স্বত্ব কিনে নিয়েছে আমাজন স্টুডিওস। দীর্ঘদিন ধরে হলিউডে সিরিজটি নিয়ে সিনেমা বানানোর চেষ্টা চললেও শেষ পর্যন্ত এটি সিরিজ হিসেবেই ফিরে আসছে।
নতুন এই সংস্করণের নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন অ্যাংরি ফিল্মসের সুজান মন্টফোর্ড ও ডন মারফি। আমাজনের অগ্রাধিকার তালিকায় থাকা এই সিরিজের জন্য ইতিমধ্যে শোরানার খোঁজা শুরু হয়েছে। নতুন গল্পটি সাজানো হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে।
১৯৬৭-৬৮ সালে প্রচারিত ১৭ পর্বের মূল দ্য প্রিজনার ছিল স্নায়ুযুদ্ধের অস্থিরতা ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে নির্মিত সায়েন্স ফিকশন, স্পাই-থ্রিলার ও সাইকোলজিক্যাল ড্রামার এক অনন্য মিশ্রণ। সিরিজটির নির্মাতা ও মূল অভিনেতা ছিলেন প্যাট্রিক ম্যাকগুহান।
গল্পের শুরুতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে হঠাৎ পদত্যাগ করে। এরপর তাকে অপহরণ করে পাহাড় ও সমুদ্রে ঘেরা দ্য ভিলেজ নামের এক রহস্যময় এলাকায় আটকে রাখা হয়। সেখানে তার আসল নাম কেড়ে নিয়ে নতুন পরিচিতি দেওয়া হয় নাম্বার সিক্স হিসেবে। কারণ, এই জায়গার সব বাসিন্দাকে নামের বদলে সংখ্যা দিয়ে চেনা হয়। তাদের মধ্যে কারা বন্দী আর কারা প্রহরী, তা বোঝার কোনো উপায় নেই।
বাসিন্দারা এলাকাটির ভেতরে অবাধে ঘুরতে পারলেও সার্বক্ষণিক উচ্চ প্রযুক্তির নজরদারিতে থাকে। কেউ পালানোর চেষ্টা করলে এক স্বয়ংক্রিয় যন্ত্র তাকে ধরে আনে কিংবা হত্যা করে। নাম্বার সিক্স সেখানকার নিয়মের কাছে নতি স্বীকার না করে বারবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে সিরিজের শেষ দিকে তার কর্মকাণ্ডে ভীত হয়ে প্রশাসন এমন চরম পদক্ষেপ নেয়, যাতে পুরো এলাকার অস্তিত্ব হুমকির মুখে পড়ে।
মূলত ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও সমষ্টিবাদের মধ্যকার দ্বন্দ্ব এবং এর ভারসাম্য তুলে ধরাই ছিল এই সিরিজের মূল উপজীব্য।
মাত্র এক সিজনের হলেও অভিনব নির্মাণশৈলী ও রহস্যময় সমাপ্তির কারণে সিরিজটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তী সময়ে এ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘টুইন পিকস’, ‘এক্স-ফাইলস’ ও ‘লস্ট’-এর মতো সিরিজ। ক্রিস্টোফার নোলান, রিডলি স্কট ও সাইমন ওয়েস্টের মতো খ্যাতিমান নির্মাতারাও বিভিন্ন সময়ে এটি নিয়ে সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছিলেন। তবে তা আলোর মুখ দেখেনি।
এর আগে দ্য প্রিজনার সিরিজ অবলম্বনে ২০০৯ সালে জিম ক্যাভিজেল ও ইয়ান ম্যাককেলেনকে নিয়ে এএমসি চ্যানেল ছয় পর্বের একটি মিনি সিরিজ নির্মাণ করেছিল, তবে সেটি দর্শক মহলে তেমন সাড়া ফেলতে পারেনি। এখন দেখার বিষয়, আমাজনের এই আধুনিক রূপান্তর ষাটের দশকের সেই আবেদন ফিরিয়ে আনতে পারে কি না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories