মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। কোথাও কাটা ধানের আঁটি, কোথাও স্তূপ করে রাখা খড়। এরই মধ্যে হঠাৎ বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার কৃষকেরা। ভারী বৃষ্টির আশঙ্কায় পাকা ও কাটা ধান দ্রুত ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হলে কৃষকদের মধ্যে ধান ঘরে তোলার তাড়াহুড়ো দেখা দেয়। সকাল থেকেই মাঠে কৃষক ও শ্রমিকদের ব্যস্ততা চোখে পড়ে। কেউ দ্রুত ধানের আঁটি বাঁধছেন, কেউ ভ্যানগাড়ি ও অন্যান্য যানবাহনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আবার বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক কৃষক রাস্তার পাশে ধানের আঁটি স্তূপ করে রাখছেন।
উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, “আমি ১০ বিঘা জমির ধান কাটা শেষ করেছি। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় দুশ্চিন্তায় পড়েছি। আরও ভারী বৃষ্টি হলে কাটা ধান নষ্ট হয়ে যেতে পারে। তাই দ্রুত ধানের আঁটি বেঁধে বাড়িতে নেওয়ার চেষ্টা করছি। জায়গার অভাবে কিছু ধানের আঁটি রাস্তার পাশে রাখতে হচ্ছে।”
একই পরিস্থিতিতে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক সুমন, ইসলাম, জাহাঙ্গীর ও শাহিনুরসহ অনেকে। তাঁদের একজন বলেন, “বাড়িতে লোকজন না থাকায় নিজেই ভ্যানে করে ধানের আঁটি নিয়ে যাচ্ছি। হঠাৎ ভারী বৃষ্টি হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। অনেক কষ্ট করে ফসল ফলিয়েছি। সেই ফসল নষ্ট হলে বড় বিপদে পড়তে হবে।”
কৃষকদের আশঙ্কা, কাটা ধান ও খড় মাঠে পড়ে থাকা অবস্থায় ভারী বৃষ্টি হলে ধান ভিজে নষ্ট হতে পারে। পাশাপাশি ধানে অঙ্কুরোদ্গমের ঝুঁকি রয়েছে। এতে ধান শুকাতে বেশি সময় লাগবে এবং ফসলের গুণগত মান কমে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।
এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না জানান, উপজেলার অনেক জায়গায় পাকা ধান পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকদের দ্রুত পাকা ধান কেটে নিরাপদ স্থানে ঘরে তোলার আহ্বান জানানো হয়েছে।
আকাশে মেঘের আনাগোনা আর বৃষ্টির শঙ্কার মধ্যে ডিমলার কৃষকদের এখন একটাই চেষ্টা—সারা বছরের পরিশ্রমে ফলানো সোনালি ধান যেকোনো উপায়ে নিরাপদে ঘরে তোলা।
Leave a Reply