চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কোনো পরীক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না বলে জানিয়েছে বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রশ্নগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনায় যদি প্রশ্নে কোনো ত্রুটি বা অসংগতি পাওয়া যায়, তবে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে।
বোর্ড আরও জানায়, প্রয়োজনে বিতর্কিত প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে, যাতে কোনো শিক্ষার্থী মূল্যায়নের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত না হন।
এদিকে, বিষয়টি নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পাশাপাশি, বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার অনুরোধও জানানো হয়েছে।
Leave a Reply