বগুড়া-৬ সদর নির্বাচনি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সকালে হোটেল নাজ গার্ডেনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার বিকেলে বগুড়ার মোকামতলা বন্দরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান বলেন, ধানের শীষ যতবার দেশ পরিচালনা করেছে, আমরা চেষ্টা করেছি সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য। যদিও এখনও অনেক কাজ বাকি আছে।
তিনি বলেন, এই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, এটা সারা বাংলাদেশ জানে। আমি বগুড়ার সন্তান। আল্লাহ সুযোগ দিলে দেশ ও দেশের মানুষের কাজে নিজেকে যেন নিয়োজিত করতে পারি, এজন্য সবার দোয়া চাই।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখ নির্বাচন। এখানের মানুষ এবার প্রমাণ করে দেখাবে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।
এদিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য হাজার-হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে হাজারো মানুষ মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে বিদায় জানান।
এর আগে বগুড়া শহরের একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তবে এমন একটি বাংলাদেশ গড়া সম্ভব, যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে এবং কাউকে অবহেলার চোখে দেখা হবে না।
Leave a Reply