গার্মেন্টস শিল্পে চলমান নৈরাজ্য, অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ৪ ঠা নভেম্বর বুধবার ঢাকা গাজীপুর মহাসড়কের আলহাজ্ব নুরুল ইসলাম সরকারের বাসভবনে সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকার শাহানুর ইসলাম রনির নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাখিব উদ্দিন সরকার প্রাপ্পু। কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকার শাহানুর ইসলাম রনি।
এ সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা বলেন, গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পে কোনো ধরনের অস্থিরতা, বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য সৃষ্টি হলে তার নেতিবাচক প্রভাব পড়বে শ্রমিক, মালিক, শিল্পপ্রতিষ্ঠান ও দেশের সামগ্রিক অর্থনীতির ওপর।
বক্তারা শ্রমিকদের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি তাঁরা সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের যৌক্তিক সমস্যার সমাধান এবং শিল্পকারখানায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা আরও বলেন, শ্রমিক ও মালিক—উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে গার্মেন্টস শিল্পকে সচল রাখা জরুরি। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় যেন দেশের গুরুত্বপূর্ণ এই শিল্পখাত ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন শেষে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ এবং গার্মেন্টস শিল্পে শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
Leave a Reply