দীর্ঘদিন বলিউডের পর্দা থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবার রূপালি পর্দায় ফিরবেন তিনি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। জানা গেছে, আবারও বড় পর্দায় ফিরছেন গোবিন্দ, আর তার সঙ্গে থাকছেন বলিউড সুপারস্টার সালমান খান।
একসময় পর্দায় দারুণ জনপ্রিয় ছিল এই জুটি। ২০০৭ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘পার্টনার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। ছবিটি ছিল বক্স অফিসে সুপারহিট, আর দর্শকরা মুগ্ধ হয়েছিলেন তাদের অনবদ্য কমেডি ও স্ক্রিন কেমিস্ট্রিতে। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, সালমান ও গোবিন্দ নতুন একটি প্রজেক্টের কাজে ইতিমধ্যেই হাত দিয়েছেন। যদিও ছবিটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, নামও চূড়ান্ত হয়নি। তবুও, দীর্ঘ বিরতির পর এই জুটির প্রত্যাবর্তন বলিউডে যে বড় খবর, তা বলাই বাহুল্য।
সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর মঞ্চে গোবিন্দর স্ত্রী সুনীতা ইঙ্গিত দেন সালমানের সঙ্গে তার স্বামীর নতুন প্রজেক্টের বিষয়ে। অন্যদিকে, গোবিন্দ নিজেও ফিল্ম সিটি থেকে নিজের একটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে ক্যাপশনে লিখেছেন, নতুন শুরুর জন্য প্রস্তুত।
এদিকে, সালমান খান বর্তমানে ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর কাজ নিয়ে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে তাকে দেখা যাবে এক সেনা কর্মকর্তার চরিত্রে। লাদাখে ছবির শুটিং শেষ করেছেন সালমান। সম্ভবত এই প্রজেক্টের কাজ কিছুটা এগোলেই তিনি গোবিন্দর সঙ্গে নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। ভক্তদের এখন একটাই অপেক্ষা কবে ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের এই প্রিয় জুটিকে।
Leave a Reply