পাকিস্তানের মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় মুখ, কিংবদন্তি কৌতুক অভিনেতা লাকি ডিয়ার মারা গেছেন। অসুস্থ হয়ে কোমায় থাকার কয়েকদিন পর লাহোরের একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা লাকির পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার জানাজার নামাজের সময় এখনো ঘোষণা করা হয়নি।
এর আগে চলতি মাসের শুরুতে শরীরের একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে কোমায় চলে যান তিনি। লিভার, ফুসফুস ও পাকস্থলীর মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। অবস্থা সংকটাপন্ন ছিল। সূত্র জানিয়েছে, মায়ো হাসপাতালের মেডিকেল ইমার্জেন্সি আইসিইউতে চিকিৎসা চলছিল তার। সবসময় চিকিৎসকদের পর্যবেক্ষণেই ছিলেন অভিনেতা লাকি।
এর আগে জনপ্রিয় এ কৌতুক অভিনেতার সুস্থতায় জনসাধারণের কাছে প্রার্থনার আবেদন করেছিলেন চিকিৎসকরা। পাশাপাশি চেষ্টারও কমতি ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার চিকিৎসা সরকারি খরচে করা হচ্ছে।
বিনোদন জগতে অসাধারণ প্রতিভা ও অবদানের জন্য বেশ পরিচিত ছিলেন অভিনেতা লাকি। আর প্রিয় তারকার মৃত্যুতে কৌতুক জগৎ ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোকাহত।
Leave a Reply