নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুই দলে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। যেখানে প্রথম প্রস্তুতি ম্যাচে হারের তিক্ততা পেয়েছে লিটন দাসের লাল দল। অধিকাংশ জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে জাকের আলী অনিকের সবুজ দল।
মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বিসিবি লাল দল। প্রথমে ব্যাট করে সৌম্য সরকার-মাহফিজুল ইসলাম রবিনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান করে সবুজ দল। রান তাড়ায় তাওহিদ হৃদয়ের ব্যাটিং তাণ্ডবের পরেও মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় লাল দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে দারুণ সূচনা পায় বিসিবি সবুজ দল। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করে খালেদ আহমেদের বলে ক্যাচ দিয়ে আউট হন শান্ত। দ্বিতীয় উইকেটে তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন সৌম্য।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার ঝাল এদিন সৌম্য মিটিয়েছেন চার-ছক্কার বন্যায়। আউট হওয়ার আগে ২৯ বলে তার ব্যাট থেকে আসে ৪১ রান। যেখানে চার-ছক্কার মার ছিলো পাঁচটি। এর আগে ২৭ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৪৪ রানের ঝলমলে এক ইনিংস খেলেন মাহফিজুল। তার ব্যাটিং-এ ছিলো জাতীয় দল ঢোকার আগমনী বার্তা।
চার নম্বরে এসে পিয়াল ব্যর্থ হলেও ক্যাপ্টেন্স নক খেলেছেন জাকের আলী অনিক। ২৩ বলে তার ব্যাট থেকে আসে হার না মানা ৩৫ রান। এছাড়াও শেখ মেহেদী হাসান ১২ বলে করেন ১৭ রান। সবুজ দলের পক্ষে খালেদ আহমেদ পান তিনটি উইকেট। যদিও ৪ ওভার বল করে খরচ করেন ৪৪ রান। একটি করে উইকেট পান তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লাল দল। জাতীয় দলের মূল ওপেনিং জুটি সুবিধা করতে পারেনি। তানজিদ হাসান তামিম ৮, পারভেজ হোসেন ইমন ১ রান করেন। তামিমকে শরিফুল ইসলাম ও ইমনকে তাসকিন আহমেদ সাজঘরে ফেরান। ওয়ান ডাউনে ব্যাট করতে আসা অধিনায়ক লিটন দাস ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেললেও তা ছিলো না টি-টোয়েন্টি সুলভ।
লাল দলের হয়ে এদিন একমাত্র আলো ছড়িয়েছেন তাওহীদ হৃদয়। মারকুটে মেজাজের ব্যাটিংয়ে ২৭ বলে ৬৬ রান করে শান্তর দক্ষতায় রানআউট হন। বিদায় নেওয়ার আগে হাঁকান তিনটি চার ও ছয়টি ছক্কা। এরপর লোয়ার অর্ডাররা একেবারেই ব্যর্থ হওয়ায় ১৩৬ রানে গুটিয়ে যায় জাতীয় দলের ছায়া হিসেবে খেলা লিটন দাসের লাল দল। ৬৮ রানের বড় জয় নিশ্চিত করে সবুজ দল।
সবুজ দলের পক্ষে তিনটি করে উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। দুটি উইকেট পান তাসকিন। আর একটি উইকেট পেয়েছেন নাসুম আহমেদ।
Leave a Reply