মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা ইরানকে এখনই হুমকি মনে করছেন না আইজেনকট, দ্বিমত নেতানিয়াহুর ইসরায়েলি সেনাবাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যা ৪ ডিসেম্বর শুরু ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ নসীব-এর সেটে অভিনেতা সোহেল খানের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় নাশকতা, অগ্নিসংযোগ ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্রের দায়ে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দীন এবং তার অন্যতম সহযোগী শীর্ষ সন্ত্রাসী মো. লিটন প্রকাশ ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পুলিশ বক্সের এসআই (নিঃ অস্ত্রঃ) মো. ইমরান হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বর্তমানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ও জনমনে আতঙ্ক ছড়াতে তারা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও অগ্নিসংযোগের সরঞ্জাম নিয়ে গোপন বৈঠক এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে, যাদের মধ্যে আইনের সহিত সংঘাতপূর্ণ ২ জন শিশুও রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— আদনান আহমেদ শামীম (২০), হামিদুল ইসলাম (১৭), মো. আরিফ (৩৬), রবিন (১৯) এবং মোঃ হৃদয় হোসেন (২০)। অভিযানের সময় ঘটনাস্থল থেকে নাশকতার কাজে ব্যবহৃত ১১টি বাঁশের তৈরি মশাল এবং ১৫টিরও বেশি বাঁশ ও কাঠের লাঠি জব্দ করা হয়।
পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত ৫১ জন আসামি এখনো পলাতক রয়েছেন। পলাতক এই আসামিরা নেপথ্যে থেকে অর্থের জোগান ও অস্ত্র সরবরাহের মাধ্যমে পুরো এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছিল। এদের মধ্যে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দীন, তার অন্যতম প্রধান সহযোগী মুক্তিযোদ্ধা কলোনি এলাকার ৩০৬ দাগের শীর্ষ সন্ত্রাসী মো. লিটন প্রকাশ ‘সোর্স লিটন’, নাশকতায় অর্থায়নকারী হিসেবে অভিযুক্ত যুবলীগ নেতা দিদার আলম চৌধুরী প্রকাশ ‘লেন্ড দিদার’, ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সি ইউনিটের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রকাশ ‘কানা নাজিম’, ওয়ার্ড সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক হুমায়ন।
এছাড়াও মোস্তফিজুর রহমান লিটন প্রকাশ ‘ভিপি লিটন’, যুবলীগ নেতা গোলাম রসুল সাদ্দাম, সাবেক নগর ছাত্রলীগ পাঠাগার সম্পাদক সেলিম উদ্দিন জয়, আশিকুর রহমান খোকন প্রকাশ ‘বোমা খোকন’ এবং আব্দুল কুদ্দুস বাপ্পি প্রকাশ ‘কানা কুদ্দুস’সহ চিহ্নিত সন্ত্রাসীরা এই নাশকতা পরিকল্পনার সাথে জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এদিকে, স্থানীয় ও বিশ্বস্ত একাধিক গোপন সূত্রে অভিযোগ উঠেছে, মামলার এজাহারভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নাম চার্জশিট থেকে বাদ দিতে মোটা অঙ্কের অর্থের লেনদেন ও জোর তদবির শুরু হয়েছে। আসামিপক্ষের লোকজন প্রভাবশালী মহলকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, একাধিক মামলার চিহ্নিত সন্ত্রাসী আসামি লিটন সহ কয়েকজনকে বাঁচাতে এবং মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের জন্য স্থানীয় বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতাও নেপথ্যে থেকে তদবির ও মধ্যস্থতা করছেন। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। নাশকতা পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টাকারী পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories