জনপ্রিয় অভিনেতা সোহেল খান বগুড়ায় আরশাদ আদনান প্রযোজিত ‘নসীব’ সিনেমার শুটিংসেটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন (৬৬)। মত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।
অভিনয় সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামনুর রশীদ অপু সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল খানের মরদেহ এখন ধামরাইয়ের পথে টাঙ্গাইল পাড় হচ্ছে।
শুটিং ইউনিট থেকে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছেন, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন সোহেল খান। পরিচালক মো. ইকবালকে ২৪ নভেম্বর পর্যন্ত সিডিউল দেওয়া ছিলো। ২৫ নভেম্বর গ্রামের বাড়ি ধামরাইয়ে পারিবারিক অনুষ্ঠান ছিলো। সে হিসেবে আজই তার কথা ছিলো, কিন্তু শুটিং কিছুটা বিলম্বিত হওয়ায় টাইমলি তার ফেরার শংকাও ছিলো এ নিয়ে কিছুটা টেনশনে ছিলেন।
সূত্র জানায়, আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। সেখানেই তিনি পরে যান। পরে তাৎক্ষণিকভাবে এক সহশিল্পী সিবিআর করলে কিছুটা সুস্থবোধ করেন। এর পরপরই তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সোহেল খানের মৃত্যুর খবরে প্রযোজক আরশাদ আদনান স্পটে থাকলেও শুটিংয়ে অংশ নেওয়া শিল্পীরা তাকে সেখানে দেখতে না পেয়ে হতাশ হয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিল্পীর বয়ানে এ তথ্য উঠে এসেছে।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলা লিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করেন তিনি। ২০০৭ সালে প্রথম প্রচারিত এই ধারাবাহিকে তাঁর সহশিল্পীদের মধ্যে ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।
বড় পর্দায় সোহেল খানকে দেখা গেছে হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’সহ ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’-এ। ‘দেশা: দ্য লিডার’-এ তিনি অভিনয় করেন চেয়ারম্যানের ভূমিকায়। ২০২৫ সালে ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’তে তাঁকে দেখা যায় গ্যারেজের মালিকের চরিত্রে।
Leave a Reply