বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং একসঙ্গে যখনই প্রকাশ্যে আসেন ভক্তরা মুগ্ধ হন। গত বছর ৮ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান দুয়া। জন্মের পর থেকেই মেয়ের ছবি বা মুখ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন দীপিকা-রণবীর। ‘নো ফটো পলিসি’ অনুসরণ করে তারা বহুবার অনুরোধ করেছেন যেন কন্যার গোপনীয়তা রক্ষা করা হয়। তবে সম্প্রতি সেই নিয়ম ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছোট্ট দুআর ভিডিও।
বলিউড শাদিস থেকে জানা যায়, সম্প্রতি দীপিকা ও দুয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, নীল পোশাক পরা দুয়া বসেছিল মায়ের কোলে। ক্যামেরার কারণে দীপিকা বিরক্ত প্রকাশ করছিলেন। তিনি দ্রুত রেকর্ডিং বন্ধ করার চেষ্টা করেন, যেন কন্যার মুখ প্রকাশ না পায়। কিন্তু ততক্ষণে ভিডিওটি ছড়িয়ে পড়ে অনলাইনে।
ভিডিও প্রকাশের পর অনেকেই দুয়ার মিষ্টি চেহারায় মুগ্ধ হয়ে তাকে ‘রণবীর সিংয়ের কার্বন কপি’ বলে মন্তব্য করেন। অন্যদিকে অনেকেই সমালোচনা করেন ভিডিও আপলোডকারীর, যিনি একাধিকবার অনুরোধ সত্ত্বেও দম্পতির ব্যক্তিগত গোপনীয়তা ভেঙেছেন। সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ভিডিওটি সরিয়ে নেয়া হয়।
এর আগে দীপিকা-রণবীর নিজেরাই মেয়েকে পাপারাজ্জিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তবে তখনও তারা কড়া নির্দেশ দেন ছবি না তুলতে। জনপ্রিয় ফটোগ্রাফার যোগেন শাহ জানান, প্রথম দেখা হওয়ার সময় দুয়া ঘুমিয়ে ছিল। তার মতে, দুয়ার চেহারায় মা-বাবা দুজনেরই মিল পাওয়া যায়। আরেকজন ফটোগ্রাফার জানান, আপাতত দুয়াকে মায়ের মতো বেশি লাগে।
মেয়ের জন্মের পর থেকে তাকে নিয়েই ব্যস্ত দীপিকা। ছোট্ট দুয়ার দেখাশোনার দায়িত্ব তিনিই নিয়েছেন, কোনও কোনো ন্যানি রাখেননি। রণবীরও সমানভাবে দায়িত্ব নিচ্ছেন। সম্প্রতি ‘মারি ক্লেয়ার’ ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানান, মা হওয়া তার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা আর এ জন্য তাকে নিজেকে বদলাতে হয়েছে। বহুদিনের অপেক্ষার পর এই সন্তান তাদের জীবনে এসেছে, যা তিনি এক অলৌকিক ঘটনা হিসেবে দেখেন।
Leave a Reply