ছোটপর্দার গুণী অভিনেত্রী শাহনাজ খুশি ও নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাস দম্পতির জমজ সন্তান। তাদের একজনের নাম সৌম্য জ্যোতি ও অন্যজন দিব্য জ্যোতি। পড়ালেখার পাশাপাশি মা-বাবার মতোই অভিনয়ে অভিষেক করেছেন তারা। এরইমধ্যে নাটক, ওটিটি ও সিনেমায় অভিনয় করেছেন। মা-বাবার মতোই শোবিজের প্রিয়মুখ হিসেবে পরিচিতি লাভ করছেন দুই ভাই।
পড়ালেখার অবসরে একটু ছুটি মিললেই দেশ-বিদেশে ঘুরতে দেখা যায় সৌম্য ও দিব্যকে। এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থানের সময় হঠাৎই বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে দেখা হলো দিব্যর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে ছেলে দিব্যর একটি ছবি শেয়ার করে এ খবর জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গেছে―বলিউড তারকা আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য। তার কাঁধে ব্যাগ, পরনে শার্ট আর তার ওপরে ফুল স্লিভ সোয়েটার। আর মিস্টার পারফেকশনিস্টের পরনে কালো কুর্তা ও সাদা পাজামা।
এদিকে প্রিয় তারকাকে কাছে পেয়ে কথা বলতে একদমই বাদ রাখেননি দিব্য। একইসঙ্গে সেই স্মৃতি ফ্রেমবন্দি করেছেন তিনি। এ ব্যাপারে শাহনাজ খুশি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে হঠাৎ দেখা। অতঃপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেয়া, কথা বলা।
ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজ করেছেন দিব্য। এ কথা আমির খানকে জানানোর পর অন্যরকম আন্তরিকতা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি। এ ব্যাপারে লিখেছেন, ‘মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজের কথা শুনে অত্যন্ত আন্তরিকভাবে পিঠ চাপড়ে আদর করে দিয়েছেন। কারণ বেনেগাল স্যারের অতিশয় ভক্ত এবং তার জন্য গর্বিতও আমির খান।
সবশেষ শাহনাজ খুশি লিখেছেন, ‘অচেনা-অখ্যাত একজন শিল্পীর প্রতি আমির খানের মতো একজন শিল্পীর এমন বিনয় নিঃশ্চয় দিব্যর জন্যও শিক্ষণীয় হয়ে থাকবে।
Leave a Reply