রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর জানা গেছে। এছাড়া আহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী। এই ভয়াবহ দুর্ঘটনা দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিও। ঘটনাটি নাড়িয়ে দিয়েছে শোবিজ অঙ্গনকেও।
দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও বেদনাহত। সকলের জন্য প্রার্থনা করছি।মেহজাবীন চৌধুরীর ফেসবুক পোস্ট। অভিনেত্রীর ফেসবুক
অভিনেত্রীর এই পোস্টে অসংখ্য অনুরাগী মন্তব্য করেছেন। সকলেই আহতদের সুস্থতা কামনা করছেন এবং নিহতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছেন।
এদিকে দুর্ঘটনার পর ইতোমধ্যে ৭০জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী। ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। সেই সঙ্গে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।
এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।
Leave a Reply