ভারতীয় জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত চতুর্থ সিজনে এসে ভেঙে ফেলেছে নিজস্ব সব রেকর্ড। অ্যামাজন প্রাইম ভিডিওতে গত ২৪ জুন মুক্তির পর থেকেই এটি একসঙ্গে ৪২টির বেশি দেশে ট্রেন্ড করেছে এবং এক সপ্তাহের মধ্যেই ১৮০টিরও বেশি দেশে স্ট্রিম হয়েছে।
আর এবার অ্যামাজন প্রাইম ভিডিও সোমবার (৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, সিরিজটির পঞ্চম সিজনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি ২০২৬ সালে মুক্তি পাবে। প্রাইম ভিডিও তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লেখে, ফুলেরা আবার ফিরছে, তৈরি হয়ে যান। নতুন সিজন শিগগিরই আসছে।
চতুর্থ সিজনে কেবল পঞ্চায়েত সিরিজের সবচেয়ে বড় ওপেনিং-ই নয়, বরং অ্যামাজন প্রাইম ভিডিওর জন্যও এটি এক বিশাল সাফল্য। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাতসহ ৪২টিরও বেশি দেশে এটি প্রথম দশে স্থান পেয়েছে।প্রাইম ভিডিও ইন্ডিয়ার কনটেন্ট লাইসেন্সিং প্রধান মানীষ মেংঘানি বলেন,পঞ্চায়েত ফোর অভাবনীয় সাফল্যে আমরা অভিভূত। এই সিজন ভারতসহ বিশ্বজুড়ে যে জনপ্রিয়তা পেয়েছে, তা সিরিজটির আন্তরিকতা, সহজ-সরল গল্প এবং সংস্কৃতির সাথে সংযুক্তির প্রমাণ। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, পঞ্চায়েতের পঞ্চম সিজনের কাজ শুরু হয়ে গেছে।
দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)-এর প্রেসিডেন্ট বিজয় কোশি বলেন, পঞ্চায়েত আমাদের হৃদয়ের খুব কাছের একটি প্রজেক্ট। এতে ভারতীয় গ্রামীণজীবনের সৌন্দর্য, সরলতা ও হাস্যরস ফুটে উঠেছে। দর্শকের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সিজন ফাইভ–এর জন্য আমরা দারুণ উচ্ছ্বসিত।
সিরিজটি নির্মাণ করেছে টিভিএফ, পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র ও অক্ষত বিজয়বর্গীয়। চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার। এতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, চন্দন রায়, ফয়সাল মালিক, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, অশোক পাঠক ও পঙ্কজ ঝা।
Leave a Reply