ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষের ওপর হত্যার হোলিখেলায় মেতে আছে বর্বর ইসরায়েল। শিশু-বৃদ্ধের কান্নায় প্রকম্পিত ফিলিস্তিনের আকাশ। কান পাতলেই শোনা যায় তাদের আর্তনাদের আহাজারি। গণমাধ্যমগুলোতে উঠে আসছে পাষন্ড ইসরাইলিদের বর্বরতা। সেই আহজারি ছুঁয়ে গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানবতার ফেরিওয়ালাদের। তাদের একজন ঢাকার জনপ্রিয় বিনোদন সাংবাদিক ও গীতিকার এ মিজান। তিনি পাষণ্ড ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে গান লিখেছেন।
পাখির মত উড়ছে শুধু গাজাবাসীর লাশ, কিছু মানুষ তাই দেখে হায় করছে হা-হুতাশ’-এমন শব্দমালায় গানটি লেখার পাশাপাশি এর সুরও করেছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন মো. মহিদুল ইসলাম। সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ। ইতোমধ্যেই গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই গানটি একটি ভিডিও আকারে ইউটিউবে প্রকাশিত হবে।
এ সম্পর্কে এ মিজান বলেন, ‘দীর্ঘ বছর ধরেই ফিলিস্তিনে নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করছে ইসরায়েল। শিশুসহ প্রতিদিনই নিরস্ত্র মানুষকে হত্যা করছে তারা। গাজায় একদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার আবার অন্যদিকে মৃত্যু সবমিলিয়ে গাজা যেন বর্তমানে মৃত্যুকূপ। ইসরায়েলের এমন বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমার এই গান। জানি না আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে। তবে সৃষ্টিকর্তা ফিলিস্তিনিদের নিরাপদ রাখুক। এই মানুষ হত্যার যুদ্ধ থেমে যাক এ প্রার্থনাই করি।
এ সম্পর্কে গায়ক মো. মহিদুল ইসলাম বলেন, ‘গাজার যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। তাদের কষ্টের কথা বলে শেষ করা যাবে না। ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই গান করেছি। আশা করি, গানটি মানুষের হৃদয়কে নাড়া দেবে।
Leave a Reply