ছোটপর্দার আলোচিত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি সোমবার জানিয়েছিলেন, তার নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায় মাইকিং করেও নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। তবে অবশেষে খুঁজে পাওয়া গেছে অভিনেত্রীর নানাকে।
সোমবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী হিমি। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গেছে।
এর আগে এ অভিনেত্রী জানিয়েছিলেন, তার নানার ভুলে যাওয়ার রোগ রয়েছে। খুব কমন বিষয়গুলোও ভুলে যান তিনি। সোমবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। সর্বশেষ মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দিতে ছিলেন। আর সেখান থেকেই নিখোঁজ হয়েছেন।
অভিনেত্রী হিমি ফেসবুকে নানা রহমত উল্লাহ খানের হারিয়ে যাওয়া নিয়ে পোস্ট দিতেই তা নজরে পড়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। তাৎক্ষণিক পোস্টটি শেয়ার করেন নেটিজেনরা। এ কারণে তার নানাকে খুঁজে পাওয়া সহজ হয়েছে। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন হিমি।
এ অভিনেত্রী লিখেছেন, ‘নাজমুল হোসেন আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখে যোগাযোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই সাহায্য করার জন্য।
Leave a Reply