ভারতের জনপ্রিয় গায়ক ও র্যাপার অভিনব সিংকে বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির একটি অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৩২ বছর বয়সী এই শিল্পীর মৃত্যুর ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। তাদের ধারণা ঘটনাটি রোববার রাতে ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, অভিনবের পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও মিথ্যা অভিযোগের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ঐ র্যাপার। দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও অভিযোগ করেছেন অভিনবের বাবা বিজয় নন্দ সিং। ওডিশার লালবাগ থানায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং তারা এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিষপান করে আত্মহত্যা করেছেন অভিনব। তার মরদেহ ময়নাতদন্ত শেষে ওডিশায় পাঠানো হয় এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
অভিনব সিং মূলত ওডিশার একজন জনপ্রিয় র্যাপার ছিলেন এবং ‘জাগারনট’ নামে সংগীত জগতে পরিচিত ছিলেন। তার জনপ্রিয় গান ‘কটক অ্যান্থেম’ ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং তাকে ওডিশার অন্যতম শীর্ষস্থানীয় র্যাপ শিল্পীতে পরিণত করে। এই ঘটনায় সংগীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং ন্যায়বিচারের দাবিও তুলছেন।
Leave a Reply