শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ টেলিভিশন ধারাবাহিকে রোশন সিং সোধির চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করা অভিনেতা গুরুচরণ সিং। বিষয়টি এক ভিডিও বার্তায় অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে হাসপাতালে ভর্তি থাকার খবর জানানোর পরই উদ্বিগ্ন হয়ে পড়েছেন গুরুচরণের ভক্তরা। একইসঙ্গে শারীরিক অবস্থা দেখে চিন্তিত তারা।
ভিডিওতে দেখা গেছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন গুরুচরণ। হাতে স্যালাইনের নল। এ অবস্থায় অভিনেতা শুধু বলেন, ‘শরীর খুবই খারাপ।’ তবে কী হয়েছে তা এখন না জানালেও শিগগিরই জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে গত মাসেই বাবার কিছু ভিডিও শেয়ার করেছিলেন গুরুচরণ। তখন এ অভিনেতা জানিয়েছিলেন, তার বাবার হিমোগ্লোবিন খুবই কমে গেছে। দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি রয়েছে। আর এবার নিজের হাসপাতালে ভর্তি থাকার কথা জানালেন এই অভিনেতা।
এর আগে ২০২৪ সালের কিছু সময় নিখোঁজ ছিলেন অভিনেতা গুরুচরণ। তখন তার বাবা থানায় অভিযোগ জানিয়েছিলেন। প্রায় ২৫ দিন পর বাড়ি ফিরেছিলেন।
এ তারকা ‘তারক মেহতা কা উল্টা চশমা’-এ রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করতেন। কিন্তু কয়েক বছর পর হঠাৎ করেই শো ছেড়ে চলে যান। এরপর দীর্ঘদিন পর্দা থেকে দূরে ছিলেন তিনি।
Leave a Reply