সিঙ্গেল লাইফের অবসান ঘটিয়ে গত ৪ জানুয়ারি বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পাত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। গত ৩ জানুয়ারি গায়েহলুদ ছিল। আর পরদিন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় তাদের।
তাহসান খান বিয়ের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কবিতা আকারে লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে / আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? / যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন / ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ আর সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিয়েছেন ‘হোমফরলাইফ।’
এদিকে এ তারকার বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই নানা চর্চা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। গায়কের নতুন স্ত্রী নিয়েও বিভিন্ন ধরনের মন্তব্য দেখা যায়। এরইমধ্যে বিয়ে ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংবাদমাধ্যমে কথা বললেন তাহসান খান।
এ গায়ক বলেন, আমি বিয়ে করেছি, সেটা জানানোর দরকার ছিল, জানিয়েছি, এতটুকুই (হাসতে হাসতে)। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে, তার এ নিয়ে আর কিছুই বলার নেই।
সোমবার ‘একা ঘর আমার’/ (Lonely Home) শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে তাহসানের। স্যাড রোমান্টিক ধাঁচের গানটির কথা ও সুর তিনি নিজেই করেছেন। আর এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হয়েছেন তাহসান ও সিঁথি। আর এ গান প্রকাশের অনুষ্ঠানেই এসব কথা বলেছেন তাহসান।
এ সময় বিয়ে পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে হাসতে হাসতে তাহসান বলেন, আমাদের দেশের হিউমর ক্যাপাসিটির গ্রহণযোগ্যতা একেক রকম। অনেক দেশেই স্ট্যান্ডআপ কমেডি ব্যাপক। আমাদের দেশের ইন্ডাস্ট্রি বড় না তেমন, আমাদের দেশের রসবোধ একটু ব্যতিক্রম। আমরা সবকিছুতে রসবোধ আনতে পারি না। আসলে এ প্রশ্নের উত্তর যেভাবে দিতে পারলে আমার মজা লাগতো, আমি সেভাবে দিতে পারছি না (হাসতে হাসতে)।
তাহসান বলেন, আমার কাছে মনে হয় আমরা জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল। সবকিছুতে চুলছেঁড়া বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই তারা সবসময় একটি স্পটলাইটের নিচে থাকি। এ কারণে এ প্রশ্নের উত্তর যেভাবে মজা করে দিতে চাচ্ছি সেভাবে পারছি না। তবে অনুভূতিটা খুবই অসাধারণ।
Leave a Reply