দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয়েছেন মার্কিন রক গিটারিস্ট জ্যাক ই লি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিইউতে আছেন এ প্রবীণ গিটারিস্ট।
সংবাদমাধ্যম ভ্যারাইটির খবর অনুযায়ী, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে লাস ভেগাসের নেভাদাতে গুলি চালানো হয় ৬৭ বছর বয়সী গিটারিস্ট জ্যাক ই লি’র উপর। দুর্বৃত্তের গুলিতে জখম অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। বর্তমানে এ মার্কিন তারকা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
জানা গেছে, কুকুর নিয়ে ঘুরতে বের হয়েছিলেন এই গিটারিস্ট। তখন গুলি চালানো হয় তার উপর। লাস ভেগাস মেট্রো পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, ঘটনাটি মধ্যরাতের দিকে ঘটেছে। রাস্তায় এলোপাতাড়ি গুলি চালানোর কারণেই এমনটা ঘটেছে বলে মনে করছেন অফিসাররা।
পুলিশ মনে করছে, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয়। এরপরও গিটারিস্ট আহত হওয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি মন্তব্য করা হয়নি। এমনকি তারকার পরিবারের গোপনীয়তা সম্মান করার অনুরোধ রাখা হয়েছে ভক্ত ও সংবাদমাধ্যমের কাছে।
প্রসঙ্গত, ১৯৮০-এর দশকে ওজি অসবোর্নের ব্যান্ডের সদস্য হিসেবে পরিচিতি পান জ্যাক ই লি। র্যান্ডি রোডস মারা গেলে ১৯৮২ সালে ওসবার্নের মূল গিটারিস্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। ‘বার্ক অ্যাট দ্য মুন’ (১৯৮৩) এবং ‘দ্য আলটিমেট সিন’ (১৯৮৬)-এর মতো ক্লাসিক অ্যালবামের সঙ্গে যুক্ত ছিলেন এ গিটারিস্ট।
এ মার্কিন তারকা ওসবার্ন ছাড়াও হেভি মেটাল গ্রুপ ব্যাডল্যান্ডস প্রতিষ্ঠা করেছিলেন। এ সময় তার সঙ্গী ছিলেন রে গিলেন এবং এরিক সিঙ্গার। আর ২০১৩ সালে গঠন করেন রেড ড্রাগন কার্টেল ব্যান্ড।
Leave a Reply