ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান ছবি বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। নাম ‘দরদ’। ইতিমধ্যে সার্টিফেকেশন বোর্ডের অনুমতি লাভ করেছে। আগামী ১৫ নভেম্বর বিশ্বব্যাপী এ ছবিটি মুক্তি দেয়া হবে। আর এ সিনেমার মধ্য দিয়ে গত হল ব্যবসায়ীদের গত পাঁচমাসের খড়া কাটবে বলে প্রত্যাশা করেন ‘প্রিয়তমা’ সিনেমার প্রযোজক আরশাদ আদানান। সিনেমাটিতে দুই বাংলার দরাজ কণ্ঠের শিল্পী নোবেলের দুটি গান থাকছে এমনটাই জানিয়েছেন শিল্পী নিজে।
তিনি বলেন, প্লেব্যাকের মজাই আলাদা। আমি অনন্য মামুন ভাইকে ধন্যবাদ দিতে চাই এ কারণে যে অনেকের অনেক কথা শোনার পরও তিনি আমার ওপর আস্থা রেখেছেন। আমি চেষ্টা করেছি তার সে আস্থার প্রতিদান দিতে। আশা করছি আমার গানের যারা ভক্ত আছেন বা যারা শাকিব ভাইয়ের ভক্তরা আছেন তারা নিরাশ হবেন না।
অফিশিয়ালি জানানো হয়েছে ১৫ নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্যপ্রাধ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত ‘দরদ’।
গেল ঈদুল আযহার দিন ‘দরদ’র টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে সেই টিজার দুই বাংলার দর্শকদের নজর কাড়ে। দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।
শাকিব-সোনাল ছাড়াও ‘দরদ’ ছবিতে অভিনয় করেছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।
কলকাতার একটি গানের অনুষ্ঠান থেকে উত্থান গায়ক মাইনুল আহসান নোবেলের। এরপর মৌলিক কিছু গান নিয়েও হাজির হন তিনি। যা তাকে ভক্ত-শ্রোতার কাছাকাছি নিয়ে যেতে আরও সহযোগিতা করে।
কিন্তু একটা সময় পর ব্যক্তিজীবনে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে সমালোচনায় জর্জরিত হতে থাকেন এ সংগীতশিল্পী। এতে তার ওপর থেকে মুখ ফিরিয়ে নেন তার ভক্ত ও শ্রোতারা। এরপর একটা সময় অন্ধকারে হারিয়ে যান ‘সারেগামাপা’খ্যাত এ সংগীতশিল্পী।
মাদকাসক্ত হয়ে নিজের ওপর থেকেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে দীর্ঘদিন আড়ালে থাকার পর, নিজেকে শুধরে ফিরছেন নোবেল। নিজের ভুলগুলোও বুঝতে পেরেছেন তিনি। আশা ব্যক্ত করেছেন নিয়মিত গান করারও।
নোবেল বলেন, ‘আমার কিছু কার্যকলাপ, সেসব ভুল ছিল। আমার কাছে মানুষের যা প্রত্যাশা ছিল, আমি সে অনুযায়ী চলতে পারিনি। এখন নিয়মিত আমার ভক্ত-শ্রোতাদের জন্য শুধু গানটাই গেয়ে যাব। আর কোনো ভুল করতে চাই না।’
Leave a Reply