দ্বিতীয় বিয়ে করলেন বলিউড তারকা আরবাজ খান। আজ রোববার সন্ধ্যায় মুম্বাইয়ে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। এবার তিনি গাঁটছড়া বেধেছেন শুরা খানের সঙ্গে। পেশায় ৪১ বছর বয়সী শুরা মেকআপ আর্টিস্ট।
জানা গেছে, বোন অর্পিতা খানের বাড়িতে বিয়ের আসর বসেছিল। বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, বোন আলভিরা অগ্নিহোত্রী। ভারতীয় পোশাকে সেজেছেন সবাই। এছাড়া সালমান খান, সোহেল খান, আরবাজপুত্র আরহান খান ছিলেন বিয়েতে।
রোববার সন্ধ্যায় রাভিনা ট্যান্ডন নিজের প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে লেখা, ‘মিস্টার অ্যান্ড মিসেস খানকে অনেক অভিনন্দন। ’ ভিডিওতে দেখা যাচ্ছে, ‘অভি তো পার্টি শুরু হুই হ্যায়’ গানে নাচ করছেন আরবাজ। তাল মিলিয়েছেন রাভিনাও। জানা গেছে, রাভিনা ও তার মেয়ের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হলেন এই শুরা।
ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের বিচ্ছেদের খবর জানা যায় কিছুদিন আগে। এরপরই এল তার বিয়ের খবর। বড়দিনের ঠিক আগে পরিবার ও অন্যান্য ঘনিষ্ঠের উপস্থিতিতে বিয়ে সেরেছেন আরবাজ।
এর আগে, ১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ। তবে ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের মধ্যে। বিচ্ছেদের পর মালাইকা অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান।
Leave a Reply