কাজল ও রানি মুখার্জীর প্রথম স্ক্রিন শেয়ার করণ জোহর নির্মিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিল্মে। তাঁরা তুতো বোন শুনে সেই সময় অনেকেই আশা করেছিলেন, কাজল ও রানির সম্পর্কে দেখা যাবে অপূর্ব রসায়ন। কিন্তু কার্যতঃ তা ঘটেনি। আইকনিক হয়ে থেকে গিয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়’। অঞ্জলি ও টিনার সম্পর্কের ভিত হয়ে গিয়েছে অনবদ্য। কিন্তু বাস্তবে কাজল ও রানির মধ্যে চলেছে ঠান্ডা লড়াই। বলিউডের নাড়িনক্ষত্র নখদর্পণে রাখা করণ জোহরও একসময় রীতিমত ঘাবড়ে গিয়েছিলেন এই ঠান্ডা লড়াই অনুভব করে। তবে এই ঠান্ডা লড়াইকেই করণ বানালেন ‘কফি উইথ করণ’-কে হিট করার হাতিয়ার। বাধা দিতে পারলেন না কাজল ও রানি।
‘কফি উইথ করণ’-এর সাম্প্রতিক পর্বে করণের অতিথি হয়ে এসেছিলেন কাজল ও রানি। সঞ্চালকের সামনে বসে একের পর এক প্রশ্নের সপ্রতিভ উত্তর দিয়েছেন তাঁরা। করণ নিজেই জানিয়েছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সেটে দুই বোনকে দেখে তাঁর মনে প্রশ্ন জেগেছিল, তাঁরা কেন একে অপরের সাথে কথা বলেন না! এমনকি তাঁদের পরিবার নিয়েও প্রশ্ন উঠেছিল করণের মনে। এত বছর পর তা কাজল ও রানির সামনে ব্যক্ত করলেন তিনি। কাজলের মতে, ওই দূরত্ব অর্গানিক। তাঁরা দুই বোন কর্মক্ষেত্রে ওই পরিবেশ পছন্দ করতেন। রানি বললেন, শৈশব থেকেই কাজলকে তিনি দিদি বলে চিনলেও তাঁদের মধ্যে দেখা-সাক্ষাৎ প্রায় হত না বললেই চলে। কারণ কাজল পড়তেন পঞ্চগনির বোর্ডিং স্কুলে। কিন্তু রানিরা থাকতেন জুহুতে।
Leave a Reply