দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। গত সোমবার রাত ১১টায় তিনি গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকায় নিজ বাড়িতে উপস্থিত নেতা-কর্মীদের সামনে তিনি এ ঘোষণা দেন।
ইকবাল হোসেন সবুজ বর্তমানে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক সংসদ সদস্য এডভোকেট রহমত আলীর কন্যা সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য রুমানা আলী টুসি।
বিএনপি নির্বাচনে অংশ নেয়ার কোনো ঘোষণা না দেওয়ায় প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন ইকবাল হোসেন সবুজ।
প্রার্থীতা ঘোষণার পর নেতা-কর্মীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে নির্বাচনে অংশ নিচ্ছি। নৌকার বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্বাচন করছি।’
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও তাঁর নিজের ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে তারা শেখ হাসিনা নির্দেশকে অবমাননা করেছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য রুমানা আলী টুসি। গত রোববার আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে গাজীপুর-৩ আসনে রুমানা আলী টুসি নৌকার প্রার্থী হিসেবে তাকে মনোনীত করা হয়। একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার বড় ভাই গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জলিল ও আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খান। তবে মনোনয়ন পাওয়ার পর রুমানা আলীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন তাঁর ভাই জামিল হাসান দুর্জয়। বর্তমান সংসদ সদস্যের অনুসারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর থেকে সংসদ সদস্যের কর্মীরা হতাশায় ভুগছিলেন। এখন যেহেতু নেত্রী স্বতন্ত্র নির্বাচন করার অনুমতি দিয়েছেন ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল হোসেন সবুজ ভাই কে নির্বাচিত করে আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব।
Leave a Reply