বিশ্ব চলচ্চিত্রের অনেক খ্যাতিমান অভিনয়শিল্পীর জীবন উঠে এসেছে পর্দায়। কিন্তু এখনো বাংলাদেশের কোনো শিল্পীর বায়োপিক নির্মিত হয়নি। এবার নিজের বায়োপিকের বিষয়ে ইতিবাচক সাড়া দিলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তবে বায়োপিক নির্মাণের ক্ষেত্রে জুড়ে দিয়েছেন কিছু শর্ত। সেই শর্ত পূরণ হলে নির্মাণের অনুমতিই নয়, নিজের বায়োপিকে অভিনয় করতেও আপত্তি নেই তাঁর।
কয়েক মাস ধরে ছেলের কাছে কানাডায় অবস্থান করছেন ববিতা। সেখান থেকে নিজের বায়োপিক নিয়ে আগ্রহের কথা জানান তিনি। ববিতার শর্ত দুটি—তাঁর জীবনের গল্প নিখুঁতভাবে তুলে ধরতে হবে এবং মানসম্মত নির্মাণের জন্য পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করতে হবে।
এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘দেশের বাইরে নানা সময়ে অনেক শিল্পীর বায়োপিক নির্মিত হয়েছে। তার মধ্যে বেশ কিছু আমি দেখেছি। সেখানে তাঁদের জীবনের গল্প ঠিকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাকে নিয়ে কেউ বায়োপিক বানাতে চাইলে আমার জন্ম, পড়াশোনা, মা-বাবা, পরিবার, চলচ্চিত্রে পথচলার শুরু এবং ববিতা হয়ে ওঠার পেছনের সংগ্রাম—সবকিছু থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে আমার পদচারণ, অভিনয়ের প্রাপ্তি এবং সিনেমাকে ঘিরে আমার সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সর্বোপরি পুরো আমাকেই পর্দায় তুলে ধরতে হবে।
গল্পটি মনের মতো হলে অভিনয়ের বিষয়েও ইতিবাচক ববিতা। তিনি বলেন, ‘কেউ যদি এভাবে সঠিকভাবে গল্পটি লেখেন এবং তা আমার ভালো লাগে, তবেই বায়োপিকে অভিনয় করা যেতে পারে।
অতীতে বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন ববিতা। সেই অভিজ্ঞতার কথা টেনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজের বায়োপিকের ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। তাঁর ভাষায়, ‘এর আগে আমি যতগুলো সিনেমা প্রযোজনা করেছি, সবই নিজের মনের মতো গল্প নিয়ে করা। বায়োপিকটাও হতে হবে আমার জীবনের একদম নিখুঁত বর্ণনা। তা না হলে হয়তো আমাকে নিয়ে বায়োপিক হবে না।
Leave a Reply