গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (১৫ নভেম্বর) উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ার ডুমুরিয়া এলাকা থেকে একদল লোক মিছিল নিয়ে এসে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয় এবং ইউনিয়ন বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।
ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, “নাজিরপুরে আমাদের দলের কার্যালয়গুলোতে যে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই। যারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এদিকে এই হামলার প্রতিবাদে সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় নাজিরপুরের সাচিয়া বাজারে এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জেলা বিএনপি। রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান হামলার তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদ সমাবেশে দলের সব স্তরের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, “খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply