রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
শুক্রবার বিকেল বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছয়টি নৌকা বাইচের দল এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ পুরস্কার বিতরণ করা হয়।
নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শুক্রবার দুপুর থেকেই নৌকা বাইচ দেখতে বুড়িগঙ্গার দুই তীরে হাজারো মানুষের সমাগম ঘটে। শত শত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে নদীতে উপস্থিত হন নগরবাসী। তাদের উচ্ছ্বাসে বুড়িগঙ্গা পরিণত হয় ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক আনন্দের মিলনমেলায়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে সরকার কাজ করছে। বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরীসহ নদীগুলো দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরায় তিনি ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ একটি অনন্য উদ্যোগ। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে। আর সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে। ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র্যালি, নাট্য উৎসব ও চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।
নৌকা বাইচে প্রথম পুরস্কার লাভ করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয় সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় পুরস্কার অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।
অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply