মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

লন্ডন উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ বার

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল। ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর ট্রফি জয়ের লড়াইয়ে এ বছর প্রতিদ্বন্দ্বিতা করবে ১০টি সিনেমা। বাংলাদেশের রুবাইয়াত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইড ছাড়াও তালিকায় রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’, আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’, আইরিশ নির্মাতা জুটি ক্রিস্টিন মলয় ও জো ললার ‘অ্যাক্ট ৩ ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাটা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’।
বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক ক্রিস্টি ম্যাথেসন বলেন, ‘উৎসবের ৭০তম আসরে পুরোনো ও নতুন নির্মাতাদের একই মঞ্চে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এবারের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে দারুণ সব বৈচিত্র্যময় নির্মাণশৈলী ও গল্পের বিস্ময়কর সমাহার।’
দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার নির্মাতা জানিয়েছেন, এটি একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পারলারকে কেন্দ্র করে গল্প। কথিত আছে, একসময় এই পারলারে একজন কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। চলচ্চিত্রটির গল্পে জাইনীন নামের এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য পারলারে আসে। সেখানে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয় সে। রহস্য, মনস্তত্ত্ব এবং সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এটি তাঁর অভিনীত প্রথম সিনেমা। আরও আছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories