একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসার ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে।
সম্প্রতি চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সৌদি আরবে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থার লক্ষ্য হলো মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণে আরও সুবিধা দেওয়া এবং সফর ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে।
প্রতিবার নতুন সার্ভিস প্যাকেজ
প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না।
এ ছাড়া প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটে উল্লেখ করা তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভিসাধারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য প্রযোজ্য যোগ্যতা ও নিয়মও পূরণ করতে হবে।
প্রথমবার ওমরাহ পালনের প্রক্রিয়া
প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ভিসার আবেদনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে ভ্রমণকারীর যোগ্যতাও যাচাই করা হবে।
সৌদি আরবে পৌঁছানোর পর ভিসাধারীর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। দেশ ছাড়ার সময় প্রস্থানের তথ্যও হালনাগাদ করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী ৯০ দিনের সর্বোচ্চ অনুমোদিত অবস্থানের মধ্যে কত দিন সৌদিতে কাটিয়েছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব রাখা হবে।
অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই পরবর্তী সফরে সরাসরি সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে না। প্রতিবার ওমরাহ পালনের পরিকল্পনা করলে নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Leave a Reply