সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

গত মাসের শেষদিকে প্রবল শক্তি সঞ্চার করে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে বিদায় নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’। এর রেশ কাটতে না কাটতেই চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে নভেম্বরের ২৬ তারিখ পর্যন্ত দেশের উপকূলে এই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছেনকানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ফেসবুকে দেয়া ওই পোস্টে ২৫ নভেম্বর পর্যন্ত সমুদ্রগামী জেলে ও উপকূলীয় শুটকিপল্লীর মানুষদের জন্য আবহাওয়া কেমন থাকবে, সেটিও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক।
পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের উপকূলে বা উত্তর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় আঘাত করার আশঙ্কা নেই। এছাড়া অন্তত ২৫ নভেম্বর পর্যন্ত সমুদ্রগামী জেলে ও উপকূলীয় শুটকিপল্লীর মানুষদের জন্য অনুকূল আবহাওয়া বিরাজ করবে।
এদিকে ফেসবুকে দেয়া অপর এক পোস্টে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক জানিয়েছেন, নভেম্বর মাসের ২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এই সময়ে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে পুরো দেশে। ফলে এই সময়ে সারাদেশে আমন ধান কাটা ও মাড়াই করার অনুকূল আবহাওয়া বিরাজ করবে।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী চলতি নভেম্বরে বঙ্গোপসাগর এলাকায় ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়াও চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories