মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কেমন হলো কে-পপ ডেমন হান্টার্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮২ বার

কে-পপ ভক্তদের জন্য একদিকে মিউজিক ভিডিওর গ্ল্যামার, আরেকদিকে অ্যানিমে-শৈলীর দানবযুদ্ধ। এই দুইয়ের মিশেলে তৈরি অ্যানিমেটেড মিউজিক্যাল অ্যাকশন ধাঁচের সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’ ঠিক কতটা জমল, কোথায়ই বা ফিকে হয়ে গেল চলুন খুঁটিয়ে দেখা যাক।
নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে গত জুনে। বাংলাদেশে এখনো নেটফ্লিক্সের সেরা ১০ সিনেমার তালিকায় আছে এটি। সনি পিকচার্স অ্যানিমেশনের এই প্রযোজনা কে-পপ সংগীতের জনপ্রিয়তার সঙ্গে কোরিয়ান পৌরাণিক কাহিনী ও অ্যাকশনের এক অভিনব মিশেল। পরিচালনা করেছেন ম্যাগি ক্যাং ও ক্রিস অ্যাপেলহ্যান্স। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২৬ আগস্ট পর্যন্ত বিশ্বব্যাপী এটি দেখা হয়েছে ২৩৬ মিলিয়নের বেশি।
কে-পপ ডেমন হান্টার্স দর্শককে নিয়ে যায় হান্টার এক্স নামের একটি কাল্পনিক কে-পপ গার্ল গ্রুপের জগতে। রুমি, মিরা ও জোয়ি- এই তিন সদস্যের গ্রুপ শুধু স্টেডিয়ামে গান গেয়ে ভক্তদের মাতায় না, তারা গোপনে ডেমন হান্টার হিসেবেও কাজ করে। তাদের কাজ হলো মানুষের আত্মা চুরি করা ডেমনদের থেকে পৃথিবীকে রক্ষা করে। তবে এক সময় তাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে আসে সাজা বয়েজ নামে ডেমনদের তৈরি কে-পপ বয় ব্যান্ড। যারা ভক্তদের শক্তি চুরি করে। এই দুই পক্ষের লড়াইয়ে এক সময় রুমির গোপন পরিচয় প্রকাশ্যে আসে। সেটি হলো তার শরীরেও ডেমনের রক্ত আছে।
কে-পপ ডেমন হান্টার্স অভিনব কাহিনী ও দৃষ্টিনন্দন অ্যানিমেশনের জন্য প্রশংসিত হয়েছে। সিনেমাটির ভিজ্যুয়াল উপস্থাপন তুলনা করা হচ্ছে ২০১৮ সালের ‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’ এর সঙ্গে। রঙিন ও গতিশীল ফ্রেমগুলো সিনেমাটি দেখার সময় চোখে আনন্দ দেয়। দেখার সময় সিনেমাটির সাউন্ডট্র্যাকই টিভির সামনে আটকে রেখেছিল। বিশেষ করে ‘গোল্ডেন’, ‘টেকডাউন’, ‘ইয়োর আইডল’ ও ‘সোডা পপ’ শিরোনামের গানগুলো। বিলবোর্ড হট-১০০ চার্টেও স্থান পেয়েছে এসব গান। শুক্রবার দুপুর পর্যন্ত গোল্ডেন ছিল এক নম্বরে। চার ও পাঁচে ছিল যথাক্রমে ইয়োর আইডল ও সোডা পপ। অ্যানিমেটেড সিনেমার গান হট-১০০ তে স্থান পাওয়া সত্যিই বিরল। গানগুলো গল্পের সঙ্গে মিশে আবেগ আর অ্যাকশনের মুহূর্তগুলোকেও জীবন্ত করে তুলেছে।
সিনেমার গল্প শুধু অ্যাকশন আর গানেই সীমাবদ্ধ নয়। এটি বন্ধুত্ব, আত্মপরিচয় ও নিজের দুর্বলতা মেনে নেওয়ার মতো গভীর বিষয়গুলো স্পর্শ করে। তবে গল্পের প্লট কিছুটা অনুমেয় ও গতানুগতিক মনে হতে পারে। বিশেষ করে রুমি ও জিনুর (সাজা বয়েজের ভোকাল) রোমান্টিক সাবপ্লট। পরিচালক ম্যাগি ক্যাং-এর কোরিয়ান ঐতিহ্যের প্রতি ভালোবাসা এই সিনেমায় স্পষ্ট। তিনি এখানে পৌরাণিক কাহিনীর উপাদান ব্যবহার করেছেন, যেমন জিওসুং সাজা। গুগল করে জানা গেল, কোরিয়ানদের বিশ্বাস অনুযায়ী জিওসুং সাজা হলেন মৃত্যুর দূত। এমন আরও কিছু বিষয় আছে, যেগুলো সম্পর্কে ধারণা না থাকলে সিনেমা দেখার সময় একটু খটকা লাগতে পারে।
সিনেমাটি প্যারেন্টাল গাইডেন্স (পিজি) রেটিং পেয়েছে। ডেমন ও আত্মা চুরির দৃশ্যগুলো শিশুদের জন্য কিছুটা ভীতিকর হতে পারে। তবে কে-পপ ভক্ত কিশোর কিংবা প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য এটি হতে পারে আনন্দদায়ক ১ ঘণ্টা ৩৬ মিনিট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories