ভাদ্রের শুরুতেই গরমের দাপট বেড়ে ইতোমধ্যে ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। প্রখর রোদে সর্বত্রই হাঁসফাঁস জনজীবন। এই অবস্থার মধ্যেই দেশের ৭ জেলায় ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি সোমবার সকাল ৬টায় পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছিল। সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
এই অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির আরও জানিয়েছেন, আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতসহ কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এরমধ্যে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
পরদিন বুধবার (২০ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
অন্যদিকে শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। আর এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
এছাড়া আগামী শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় দেশের সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনেও দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply