দেশের শীর্ষ জাতীয় দৈনিক ’কালবেলা’র’ গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে টঙ্গী বাজার সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে হোন্ডা রোড থেকে অপহরণ করে শারিরীক নির্যাতন করে আহত, এক কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিক মহিন উদ্দিন রিপন জানান, সোমবার দুপুর ২টার দিকে সংবাদ সংগ্রহের কাজে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে শাহ সিমেন্টের ম্যানেজার আসিফ মাহমুদের সঙ্গে কাজ শেষে ফেরার পথে মোটরসাইকেল যোগে প্রায় ৪০-৪৫ জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে জোরপূর্বক ধরে চোখ-মুখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে । এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়। সেই সাথে মাদকের বিরুদ্ধে কোনো প্রকার সংবাদ প্রকাশ না করার হুমকি দেয়। একপর্যায়ে তাকে সেখান থেকে আরেকটি স্থানে নিয়ে তাকে উলঙ্গ করে এক নারীর সঙ্গে জোরপূর্বক বিভিন্ন ধরনের আপত্তিকর ও নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে বলে মহিউদ্দিন রিপন জানান।
এ সময় সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে, ভবিষ্যতে হাজীর মাজার বস্তির মাদক ও সন্ত্রাস নিয়ে কোনো ফেসবুক লাইভ বা সংবাদ প্রকাশ করা হলে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। প্রায় দুই ঘণ্টা নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তাকে একটি অজ্ঞাত স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ বিষয়ে শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদ জানান, তিনি আমার সাথে অবস্থানকাল একদল অপরিচিত লোক তাকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
Leave a Reply