জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, কুসুম্বা গ্রামের দিলীপ কুমার মাঝির স্ত্রীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের মোজাম। বিষয়টি দিলীপ কুমার ও তাঁর পরিবারের সদস্যরা জানতে পেরে প্রতিবাদ করলে মোজাম ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন।
এর জেরে ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ কুমার প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে গেলে মোজাম ও তাঁর এক সহযোগী বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে দিলীপ ঘরে ফিরে এলে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহটি ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় পরদিন পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।
Leave a Reply