হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং এর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠক শেষে মঙ্গলবার রাত ২টা ৫০ মিনিটে আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং চীনা পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং চীনে বাংলাদেশি ৯৭ শতাংশ পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
মোমেন বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চলমান সাহায্যে সহযোগিতা অব্যাহত থাকার কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় বৈঠকে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট সি পিংয়ের বাংলাদেশ সফরের সময় অর্থ সহায়তার বেশ কিছু চুক্তি সই হয়েছিল। কিন্তু সবগুলো এখনও বাস্তবায়ন হয়নি। সেই বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
তিনি বলেন, বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে আমরাও তাঁকে আরও বেশি সময়ের জন্য বাংলাদেশ সফরের প্রস্তাব দিয়েছি।
আফ্রিকার পাঁচটি দেশ সফরে যাওয়ার পথে মধ্যরাতে সোমবার মধ্যরাতে ঢাকায় যাত্রাবিরতি নেন চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং। তিনি প্রথমে ইথিওপিয়ায় যাবেন। সেখান থেকে আফ্রিকার আরও চারটি দেশ সফর করবেন। ইথিওপিয়ায় যাত্রাপথে তাকে বহনকারী উড়োজাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উল্লেখ্য, ছিন গাং গত ৩০ ডিসেম্বর চীনা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন।
Leave a Reply