টঙ্গীতে করোনা টিকা না পেয়ে হাসপাতালের কর্মচারীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, সিনিয়র নার্স রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন। বৃস্পতিবার দুপুরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে হাসপাতালে কয়েক শতাধিক নারী পুরুষ টিকা নিতে আসেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকে তারা। এক পর্যায়ে “আজকে টিকার মজুদ শেষ” এমন ঘোষনা এলে টিকা গ্রহীতারা হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পরে। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টিকা গ্রহীতাসহ হাসপাতালের কর্মচারী ৭ আহত হয় ।
টিকা গ্রহীতারা বলেন, সকাল থেকে টিকা নিতে লাইনে দাড়িয়ে আছি। কিন্তু লাইন ভেঙে অনেকে টিকা দিয়ে চলে যাচ্ছে। দুপুরের আগেই টিকা নেই এমন ঘোষণা দেয়া হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ হোসেন বলেন, টিকা নিতে আসা নারী ও পুরুষ ধাক্কাধাক্কি করেন, এতে হাসপাতালে সেবিকা ও রেডক্রিসেন্টের সেচ্ছাসেবীরা আহত হয়েছেন।
শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুদের তুলানায় গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকা ব্যবস্থা করা হচ্ছে। শনিবার থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, টিকা কেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply