বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে নতুন করে বাণিজ্য পদক্ষেপের অংশ হিসেবে এ প্রস্তাব দিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় এ প্রস্তাব ঘোষণা করেছে। প্রস্তাবিত শুল্কের আওতায় নির্দিষ্ট কিছু পণ্যে ছাড় রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে জনমত ও সংশ্লিষ্ট পক্ষের মতামত গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে সংস্থাটি।
প্রস্তাবে সবচেয়ে বেশি ২০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে চীনের পণ্যে। ওয়াশিংটনের অভিযোগ, ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ সরঞ্জামসহ বিভিন্ন পণ্য অতিরিক্ত পরিমাণে উৎপাদন করে কম দামে বিশ্ববাজারে রপ্তানি করছে চীন।
বাংলাদেশের জন্য প্রস্তাবিত শুল্কহার কম্বোডিয়ার সমান ১৮ শতাংশ। অন্যদিকে, ভারতের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে এসব দেশের নির্দিষ্ট কিছু পণ্যে শুল্ক ছাড়ের সুযোগ রাখা হয়েছে।
ইউএসটিআর জানিয়েছে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্য চুক্তি হলে এবং তদন্তে উঠে আসা উদ্বেগের বিষয়গুলো সমাধান করা হলে দেশটির জন্য প্রস্তাবিত শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৭ শতাংশ করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। একইভাবে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে দেশটির শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব বিবেচনা করবে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের বিষয়ে মূল্যায়নে ইউএসটিআর পাঁচটি ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে। এগুলো হলো—উৎপাদন ও শিল্প সম্প্রসারণে সরকারি পরিকল্পনা, উৎপাদন ও রপ্তানি বাড়াতে প্রণোদনা, শ্রমিকদের অধিকার ও সুরক্ষায় অপর্যাপ্ত ব্যবস্থা, আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি এবং বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতা।
এ ছাড়া অ-বাজার অর্থনীতির দেশগুলো থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং উৎপাদন পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।
ইউএসটিআরের মূল্যায়নে বলা হয়েছে, এসব নীতির প্রভাব বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও অ্যাপারেল খাতে পড়েছে।
সংস্থাটির দাবি, বাংলাদেশের এসব চর্চার ফলে দেশটিতে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমেছে। একই সঙ্গে তৃতীয় দেশের বাজারেও মার্কিন ব্যবসায়ীরা প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ ছাড়া এসব চর্চার কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ কমেছে বলে দাবি করেছে ইউএসটিআর। পাশাপাশি অ-বাজার অর্থনীতির দেশগুলোর উপকরণের ওপর নির্ভরতা বাড়ায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকিও তৈরি হচ্ছে বলে মনে করছে সংস্থাটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories