ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে গণপূর্ত বিভাগ। দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধার করে সেখানে একটি মিনিপার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। প্রথম দিনের অভিযানে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হাদিসুর রহমান জানান, গণপূর্ত প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঝালকাঠিতে গণপূর্ত বিভাগের আওতাধীন সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরাতন কলেজ খেয়াঘাটসহ গণপূর্ত বিভাগের আওতাধীন অন্যান্য সরকারি জমিও দখলমুক্ত করা হবে।
তিনি আরও জানান, অভিযানের আগে দখলদারদের চিঠি দিয়ে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিতে বলা হয়েছিল। অনেকেই আগেই তাঁদের মালামাল সরিয়ে নেন। বৃহস্পতিবার প্রথম দিনের অভিযানে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সরকারি জায়গাটি অবৈধ দখলে থাকায় এর যথাযথ ব্যবহার সম্ভব হচ্ছিল না। জায়গাটি দখলমুক্ত হওয়ায় সেখানে একটি মিনিপার্ক নির্মাণের উদ্যোগকে তাঁরা স্বাগত জানিয়েছেন।
তাঁদের প্রত্যাশা, পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ অবসর কাটানোর একটি সুন্দর পরিবেশ পাবেন। পাশাপাশি এলাকাটি নগরবাসীর বিনোদন ও স্বস্তির একটি মনোরম স্থানে পরিণত হবে।
Leave a Reply