রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শীতকালীন সবজি বীজের জীবাণু শনাক্তকরণ ও সংরক্ষণে বাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার

কৃষিতে সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ‘শীতকালীন সবজি বীজের জীবাণু শনাক্তকরণ, দমন এবং সংরক্ষণ’ শীর্ষক এ প্রশিক্ষণে অংশ নেন ময়মনসিংহের বিভিন্ন এলাকার কৃষকরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা শীতকালীন সবজি বীজে রোগ শনাক্তকরণ, রোগ-প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসলাম হামিম। এছাড়া উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাজাহান মঞ্জিল, অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ ড. পূর্ণিমা দে। স্বাগত বক্তব্য দেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও কোর্স কো-অর্ডিনেটর কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, মানসম্মত ও রোগমুক্ত বীজ কৃষি উৎপাদন বৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি ব্যবস্থার প্রথম ধাপই হলো সুস্থ বীজ নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তন ও রোগবালাই বৃদ্ধির প্রেক্ষাপটে বীজের স্বাস্থ্য সুরক্ষা এখন সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজের জীবাণু শনাক্ত, দমন ও সংরক্ষণে সক্ষম হবেন।
তিনি আরও আশা প্রকাশ করে বলেন, সীড প্যাথলজি সেন্টারের কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম আরও গতিশীল হবে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা মাঠপর্যায়ে অর্জিত জ্ঞান প্রয়োগের পাশাপাশি আশপাশের কৃষকদের মাঝেও তা ছড়িয়ে দেবেন, যা সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories