ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।
এর আগে গত দুইদিন রাজধানীর ১৪ টি নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় বিএনপি ক্ষমতায় বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন তিনি।
এছাড়াও সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি ভাষণ দেন তিনি। এ সময় তিনি বলেন, একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি পরিকল্পনা সাজিয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ দেশের মালিকানা ফিরে পাবে বলে বিশ্বাস তার।
তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে আমাদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার হবে বেকার সমস্যা নিরসন। ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের সংস্কারের মাধ্যমে দেশে-বিদেশে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি।
আর নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেছেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করলে যথাসময়ে পে-স্কেল ঘোষণা করা হবে।
তারেক রহমান বলেন, বিএনপির অগ্রাধিকার বাংলাদেশ প্রায় ২০ কোটি মানুষের জনবহুল দেশ। এর মধ্যে অর্ধেকের বেশি নারী এবং বিশাল একটি অংশ তরুণ। নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।
বিএনপি চেয়ারম্যান যোগ করেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিনামূল্যে কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সাইবার নিরাপত্তা, ডাটা প্রসেসিং ও এআই সেক্টরে নতুন শিল্প গড়ে তোলা হবে। এ ছাড়া, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বোচ্চ এক বছর মেয়াদী ‘বেকার ভাতা’ দেয়া হবে। ড্রপআউট হওয়া শিক্ষার্থীদের বেকারত্ব ঘোচাতে উচ্চ বিদ্যালয় থেকে কারিকুলামে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply