রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের আন্দোলনে হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার
ইনকিলাব মঞ্চের আন্দোলনে হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে যমুনায় অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের হামলা ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিবসহ বেশ কয়েকজন আহত হওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির জাবি শাখার উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘অদম্য ২৪’ ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদের ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘বিচার চাই, পুলিশি হামলার বিচার চাই’, ‘আমার ভাইকে মারলো কেন, ইন্টারিম জবাব দে’, ‘জাবেরের ওপর হামলা কেন, ইন্টারিম জবাব দে’, ‘পুলিশের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
পরে মিছিল শেষে ‘অদম্য ২৪’ ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে তারা ‘বর্বরোচিত’ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারণায় ব্যস্ত থাকলেও হাদি ভাইয়ের বিচার বিলম্বিত করা হচ্ছে। ইনকিলাব মঞ্চ যমুনা ঘেরাও করলে রাষ্ট্রীয় বাহিনী তাদের ওপর হামলা চালায় এবং আবদুল্লাহ জাবের ভাইকে গুলিবিদ্ধ করে।
আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে বিচারহীনতার সংস্কৃতি দূর করার প্রত্যাশা ছিল। শক্ত উদাহরণ তৈরি না হলে, শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে।’
অন্যদের মধ্যে সংগঠনটির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘যমুনায় অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই।
ওসমান হাদি হত্যা মামলার চার্জশিটে মূল পরিকল্পনাকারীদের নাম নেই দাবি করে তিনি বলেন, ‘সুষ্ঠু বিচার নিশ্চিতে আন্তর্জাতিক মানের তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
পরে সমাবেশ শেষে বক্তারা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও পুলিশের হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories