দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলাতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একটি যানবাহনকে লক্ষ্য করে ড্রোন থেকে আঘাত হানা হয়, গাড়িটি প্রধান মহাসড়কের ওপর ছিল।
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল লেবাননের অভ্যন্তরে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। গত বছরের নভেম্বর মাসে হওয়া একটি সমঝোতার মাধ্যমে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় এক বছরের দীর্ঘ সংঘর্ষ স্থগিত হয়েছিল।
চুক্তি অনুযায়ী, উভয় পক্ষকে দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা ও সামরিক উপস্থিতি প্রত্যাহার করার কথা ছিল। তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন। ইসরায়েল এখনও কমপক্ষে পাঁচটি সামরিক চৌকিতে তার সেনা মোতায়েন রেখেছে এবং দাবি করছে, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে আবারও নিজেদের সামরিক সক্ষমতা গড়ে তুলছে।
অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, যতক্ষণ না ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করে এবং বিমান হামলা বন্ধ করে, ততক্ষণ তারা অস্ত্র সংবরণ করবে না। এই ঘটনায় লেবাননে উত্তেজনা নতুন করে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply